
শেষ আপডেট: 14 July 2023 10:05
দ্য ওয়াল ব্যুরো: মা-দিদিকে নিয়ে মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। বেরনোর সময় তাঁদের ঘিরে ধরেন চিত্রসাংবাদিকরা (photo journalist)। আর তখনই আলিয়ার ছবি তুলতে গিয়ে হুড়োহুড়িতে একজনের জুতো খুলে যায়। অন্য কেউ হলে হয়তো সেদিকে নজরই যেত না। কিন্তু অত ভিড়ের মধ্যেও ঠিক সেই ঘটনা নজরে পড়ে অভিনেত্রীর। আর এরপর তিনি যা করলেন, তা দেখে রীতিমতো অবাক হয়ে যান নেটিজেনদের একাংশ।

দেখা যায়, ডিনার শেষ করে আলিয়া মা ও দিদিদের সঙ্গে বেরনোর পরেই তাঁদের ঘিরে হইচই শুরু হয়ে যায়। রেস্তোরাঁর বাইরে তখন আলোকচিত্রীদের ভিড় আর ফ্ল্যাশের ঝলকানি। সেসময়েই ধাক্কাধাক্কিতে একজনের পায়ের চটি খুলে যায়। ছবির তোলার ব্যস্ততার মধ্যেও তা নজরে আসে আলিয়ার। এরপর তিনি জিজ্ঞাসা করতে থাকেন, জুতোটি কার? একজন সেই চটিটি নিজের বলে দাবি করতেই হাতে করে সেটি তুলে ওই চিত্র সাংবাদিকের দিকে এগিয়ে যান অভিনেত্রী।
নায়িকাসুলভ কোনও আচরণ নয়, বরং একজন সাধারণ মানুষের মতোই তিনি ওই চটি হাতে নিয়ে সাংবাদিকের পায়ের কাছে এগিয়ে যান। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই এই ঘটনার পর আলিয়ার আচরণের প্রশংসা করেছেন। তাঁদের বক্তব্য, ‘আলিয়া বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হলেও তাঁর মধ্যে কোনও দম্ভ নেই। এখনও মাটিতে পা রেখে চলেন, তাই এত সাফল্য।’ তবে এই আচরণ নিয়ে কটাক্ষও করেছেন অনেকে। কারও কারও দাবি, আগামী ছবির প্রচারের জন্যই আলিয়া এই কাণ্ড ঘটিয়েছেন।
