
শেষ আপডেট: 11 October 2023 13:54
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের নভেম্বরে দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখারের সঙ্গে আংটি বদল হয়েছিল আমির খানের প্রথম পক্ষের কন্যা ইরা খানের। মাঝে প্রায় ১১ মাস কেটে গিয়েছে। এবার মেয়ের বিয়ের দিন ঘোষণা করলেন অভিনেতা। জানালেন, আগামী বছরের শুরুর দিকেই তাঁর মেয়ে বিয়ে সেরে ফেলবেন। আমিরের এই ঘোষণার পর বলিউডের অনেকেই সোশ্যাল মিডিয়ায় ইরা ও নূপুরকে শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, আগামী বছরের একদম শুরুতেই বিয়ে করবেন ইরা। অভিনেতা বলেন, “৩ জানুয়ারি বিয়ের দিন ঠিক করা হয়েছে। ওর বর নূপুর আমাদের কাছে ছেলের মতো হয়ে গিয়েছে। এমনিতে ওঁর ডাকনাম পপাই। কারণ যেহেতু ও জিম ট্রেনার, তাই ওর বাইসেপ, ট্রাইসেপ আছে পপাই দ্য সেলার ম্যানের মতো। ইরা যখন অবসাদে ভুগছিল, সেই সময় নূপুর ওঁকে অনেক সাহায্য করেছে।”
গত বছর ১৮ নভেম্বর খানভিলাতেই আড়ম্বরহীন বাগদান অনুষ্ঠান হয়েছিল ইরা ও নূপুরের। পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও খুব কাছের বন্ধুবান্ধবরাই উপস্থিত ছিলেন সেখানে। প্রথম পক্ষের স্ত্রী-পুত্র ছাড়াও এসেছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ, দাদা ফয়জল খান ও ভাগ্নে ইমরান খানরা। এবার বিয়েও কি একইরকমভাবে ঘনিষ্ঠ মানুষজনদের নিয়েই হবে? নাকি জমকালো অনুষ্ঠান হবে, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, বাবার পথে না হেঁটে ইরা বেছে নিয়েছেন মানসিক স্বাস্থ্যের মতো জটিল বিষয়। দীর্ঘদিন ধরে কাজ করছেন মানসিক ব্যাধি নিয়ে। মঙ্গলবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সেই নিয়েই সাধারণ মানুষদের উদ্দেশে বার্তা দিয়েছেন ইরা। তিনি বলেছেন, যদি নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সাহায্যের প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় থেরাপিস্টের সাহায্য নিন। নিজের জন্য থেরাপি নেওয়া লজ্জায় বিষয় নয়।