এশিয়া কাপের আসর শুরু হবে ৯ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহিতে। দল ঘোষণার বৈঠকে আগারকর ও তাঁর সহ-নির্বাচকদের সামনে কঠিন সিদ্ধান্তের চ্যালেঞ্জ। সেখানে শেষ মুহূর্তে এক কিশোর প্রতিভাকে নিয়ে এমন জোরালো দাবি নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করছে।

বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 18 August 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সিরিজ নিয়ে কাটাছেঁড়া বন্ধ হতে না হতেই চর্চায় এশিয়া কাপ (Asia Cup)। ইতিমধ্যে জানা গিয়েছে, টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill) ও ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)—দুজনের উপর আস্থা রাখতে নারাজ নির্বাচকরা। তাই তাঁদের বাদ দিয়েই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। আগামিকাল মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন। সেখানে প্রধান নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar) স্কোয়াডের তালিকা সর্বসমক্ষে তুলে দেবেন। তার আগে খেলোয়াড়দের জায়গা পাওয়া ও বাদ পড়া নিয়ে গুঞ্জন চড়ছে।
এই আবহে নতুন মাত্রা যোগ করলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বিষয়টা যখন টি-২০ ফর্ম্যাট, তখন মঞ্চ যাই হোক না কেন, সমস্তিপুরের কিশোর, যিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে এ বছর আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কেড়েছেন, তাঁকে দূরে ঢেলে রাখা অর্থহীন! এমনই মত প্রাক্তন নির্বাচক তথা জাতীয় দলের ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্তের। একদম অন্তিম প্রহরে অজিত আগারকরের দরবারে সাহসী প্রস্তাব পেশ করে জানিয়েছেন, যে কোনও মূল্যে বছর চোদ্দোর কিশোরকে দলে জায়গা দেওয়া হোক। অবশ্য নিছক আর্জি নয়, তার সপক্ষে যুক্তিও দিয়েছেন শ্রীকান্ত।
কেন অনভিজ্ঞ বৈভব, যাঁর সিনিয়র টিমে অভিষেক পর্যন্ত হয়নি, তাঁর উপর এতটা আস্থা দেখাচ্ছেন? শ্রীকান্তের স্পষ্ট বক্তব্য, ‘দ্বিধা করবেন না। সাহসী সিদ্ধান্ত নিন!’ এরপর জুড়ে দিয়েছেন, ‘সাহস দেখাতে হবে। বৈভবকে অপেক্ষা করানোর দরকার নেই। অনেকেই বলবে, ওকে পরিণত হতে দাও। কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। বৈভব ইতিমধ্যেই দারুণ পরিণতি নিয়ে খেলছে। ওর শট সিলেকশন অন্য মাত্রায় পৌঁচেছে। আমি যদি নির্বাচক হতাম, তাহলে নিশ্চিতভাবেই ওকে ১৬ জনের মধ্যে রাখতাম!’
বাঁ-হাতি ব্যাটার বৈভব আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেকেই সাড়া ফেলে দেন। গুজরাত টাইটানসের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান তুলে ভারতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। এরপর ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ সিরিজে পাঁচ ম্যাচে আসে ৩৫৫ রান। তার মধ্যে একটি ইনিংসে ১৪৩। আসন্ন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ সিরিজের দলেও রয়েছেন তিনি। তবুও শ্রীকান্ত মনে করছেন, তাঁকে সিনিয়র দলে তুলে আনার এটাই প্রকৃষ্ট সময়।
পাশাপাশি এশিয়া কাপ দল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে শ্রীকান্ত সোজাসুজি জানান, সঞ্জু স্যামসনকে তিনি ‘নিশ্চিত’ ধরে নিতে পারছেন না। স্যামসনের সাম্প্রতিক ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেছেন। চলতি বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে বারবার বাউন্সারে ভুগেছেন তিনি। বিশেষত জোফ্রা আর্চার কাঁধের কাছে শর্ট বল ফেলে বারবার স্যামসনকে আউট করেছেন। গত বছর তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান সঞ্জুর ঝুলিতে থাকা সত্ত্বেও ওপেনার হিসেবে শ্রীকান্তের পছন্দের তালিকায় সবার আগে অভিষেক শর্মা। বাকি দু’জন বৈভব সূর্যবংশী ও সাই সুদর্শন। বিকল্প শুভমান গিল।
শ্রীকান্তের কথায়, ‘স্যামসন আমার চোখে অনিশ্চিত। প্রথম পছন্দের ওপেনার অভিষেক শর্মা। তারপর আমি বেছে নেব বৈভব সূর্যবংশী অথবা সাই সুদর্শনকে। গিলও একটা বিকল্প হতে পারে। আমি নির্বাচক হলে বৈভবকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও ১৫ জনের দলে রাখতাম!’
এশিয়া কাপের আসর শুরু হবে ৯ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহিতে। দল ঘোষণার বৈঠকে আগারকর ও তাঁর সহ-নির্বাচকদের সামনে কঠিন সিদ্ধান্তের চ্যালেঞ্জ। সেখানে শেষ মুহূর্তে এক কিশোর প্রতিভাকে নিয়ে এমন জোরালো দাবি নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করছে।