2.jpg)
হাফসেঞ্চুরির পথে কেএল রাহুল
শেষ আপডেট: 17 December 2024 06:02
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেটে রাহুল নামটা উঠলেই সঙ্গে সঙ্গে 'মিস্টার ডিপেন্ডেবল' শব্দটাও চলে আসে। অর্থাৎ, যাঁর উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায়। গাব্বা টেস্টের চতুর্থ দিন সেই ভরসারই দাম দিলেন কেএল রাহুল। টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি। রাহুলের ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।
গাব্বা টেস্টের দ্বিতীয় দিনই ব্যাট করতে নেমে ভারত। কেএল রাহুলকে ওপেনার হিসেবে দেখে, ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। রোহিত নিজেই রাহুলকে এই জায়গাটা ছেড়ে দিলেন। যদিও অ্যাডিলেড টেস্টে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে নিতান্তই ব্যর্থ হয়েছিলেন কর্নাটকের এই ব্যাটার। এরপরই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছিল। তবে গাব্বায় তাঁর চওড়া ব্যাট যাবতীয় জবাব দিয়ে দিল।
তৃতীয় টেস্ট ম্যাচে ভারতের টপ অর্ডার আরও একবার মুখ থুবড়ে পড়েছিল। মাত্র ৫১ রানেই টিম ইন্ডিয়া চার উইকেট হারিয়ে ফেলেছিল। আর এই আউটের তালিকায় নাম ছিল যশস্বী জয়সওয়াল (৪), শুভমান গিল (১), বিরাট কোহলি (৩) এবং ঋষভ পন্থের (৯)। একমাত্র কেএল রাহুল ছাড়া আর কেউ অজি বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
৩৩ রান ঝুলিতে নিয়ে চতুর্থ দিন সকালবেলা ব্যাট করতে নেমেছিলেন কেএল রাহুল। প্রথম ওভারে বল করতে এসেছিলেন প্যাট কামিন্স। আর প্রথম বলেই রাহুল স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু, স্মিথ সেই ক্যাচ মিস করেন। তারপর রাহুল ক্রমশ ছন্দে আসতে শুরু করেন। অবশেষে ৮৫ বলে তাঁর ব্যাট থেকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। তাঁর এই ইনিংসে ৬ বাউন্ডারি রয়েছে।
যদিও চতুর্থদিন সকালবেলা ভারতের একটি উইকেটের পতন হয়েছে। ফিরে গিয়েছেন রোহিত শর্মা। প্যাট কামিন্স তাঁর উইকেট শিকার করেন। ২৫ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে। এখনও তারা অস্ট্রেলিয়ার থেকে ৩৬১ রানে পিছিয়ে রয়েছে।