
টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 16 January 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো : যাবতীয় জল্পনার অবসান। 'বেড রেস্ট' নিয়ে অবশেষে মুখ খুললেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ। স্পষ্ট জানিয়ে দিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন কোনও পরামর্শ তাঁকে দেওয়া হয়নি।
ইতিপূর্বে বুধবার (১৫ জানুয়ারি) টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, চিকিৎসকরা বুমরাহকে নাকি সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এমনকী, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর অংশগ্রহণ নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুমরাহকে এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (সেন্টার অফ এক্সেলেন্স) কাছে রিপোর্ট করতে হবে। কবে তিনি ফের ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করবেন, এই ব্যাপারেও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
অবশেষে নিজের চোটের আপডেট নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের এই তারকা পেসার। স্পষ্ট জানিয়ে দিলেন, যাবতীয় খবর একেবারে ভুয়ো।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে বুমরাহ লিখেছেন, 'মিথ্যা খবর যে কত দ্রুত ছড়াতে পারে, সেটা আমি খুব ভাল করেই জানি। তবে এই সংবাদের উৎসকে একেবারে বিশ্বাস করা যায় না।' এরপর তিনি হাসির জোড়া ইমোজিও শেয়ার করেছেন।
প্রসঙ্গত, বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন জসপ্রীত বুমরাহ চোট পেয়েছিলেন। এই চোটের কারণে তিনি সিডনিতে আয়োজিত সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে পারেননি। এই সিরিজে টিম ইন্ডিয়া ১-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে।
যদিও এই সিরিজে বুমরাহ মোট ৩২ উইকেট শিকার করেছিলেন। সেইসঙ্গে বর্ডার-গাভাসকার ট্রফিতে সর্বাধিক উইকেট শিকারির খেতাবও পান তিনি। প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা পারথে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা খেলেননি। এই ম্যাচে জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন। আর এই পারথ টেস্টেই একমাত্র ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করেছিল।