
ফাইল ছবি
শেষ আপডেট: 19 February 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: যাঁরা আগামী পয়লা বৈশাখে নতুন গাড়ি কিনতে চান, তাঁদের জন্য সুখবর! চলতি বছরের এপ্রিল থেকেই ভারতের বাজারে আসতে চলেছে বৈদ্যুতিক গাড়ি টেসলা। টেসলার সিইও বা সহজ কথায় মালিক ইলন মাস্ক কোম্পানির খুচরো বেচাকেনা এদেশে নতুন অর্থবর্ষ থেকেই শুরু করতে চলেছেন বলে সূত্রে জানা গিয়েছে। শুরুতে জার্মানির রাজধানী বার্লিনের কারখানা থেকে আমদানি করা হবে এই গাড়ি। সিএনবিসি-টিভি এইটটিন বুধবার এই সংবাদ জানিয়েছে। টেসলার সঙ্গে যুক্ত আধিকারিকের সঙ্গে কথা বলে তারা এই খবর দিয়েছে।
ইতিমধ্যে গাড়ির শোরুম লোকেশনেরও প্রাথমিক বাছাই পর্ব হয়ে গিয়েছে। ভারতে প্রথম দুটি শোরুম হচ্ছে মুম্বইয়ের বিকেসি বিজনেস ডিস্ট্রিক্ট এবং নয়াদিল্লির এরোসিটিতে। সংবাদে জানা গিয়েছে, প্রাথমিকস্তরে ২১ লাখির অর্থাৎ ২৫,০০০ মার্কিন ডলারের একটি বৈদ্যুতিক গাড়়ির মডেল ভারতের বাজারের মুখ দেখবে। তবে এদেশের মাটিতে টেসলার নিজস্ব কারখানা গড়ে উঠবে কিনা সে সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি।
তবে টেসলা আপাতত কাজ চালানোর জন্য ভারতীয় গাড়ির যন্ত্রাংশ তৈরির কোম্পানিগুলির কাছ থেকে কাঁচামাল কিছু বাইরে থেকে কিনবে বলে সূত্রটি জানিয়েছে। যদিও এই বিনিয়োগের পরিমাণই প্রায় ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে এই বছরের মধ্যেই।সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, টেসলা এখন মরিয়া হয়ে মুম্বই ও দিল্লির বিশিষ্ট জায়গায় শোরুমের জায়গা খুঁজছে। তার মধ্যে নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তারা এই মুহূর্তে একটি শোরুম খুলে ফেলতে চায়।