.webp)
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 29 May 2024 10:48
দ্য ওয়াল ব্যুরো: টিভি, ইউটিউব, ফেসবুক সহ সমস্ত সোশ্যাল মিডিয়া খুললেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় সরকার গঠনের দাবির বিজ্ঞাপনে চোখ-কান অবশ হয়ে আসছে। তখন উদার অর্থনীতির ধারক বিজেপির ক্ষমতায় আসার বিষয়ে দম আটকে অপেক্ষা করছে দেশ ও পরোক্ষে বিদেশেরও কিছু শেয়ার বাজার।
আগামী শনিবার শেষ দফার ভোটের আগে আন্তর্জাতিক শেয়ার ব্রোকারেজ ও এশিয়ান ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রথম সারির কোম্পানি সিএলএসএ (CLSA) জানাল, চলতি সরকার ফের ক্ষমতায় এলে তাদের আর্থিক নীতির ফলে অন্তত ৫৪টি কোম্পানি প্রত্যক্ষভাবে সুফল লাভ করবে। তার মধ্যে মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে।
সিএলএসএ-র মতে, ১৮৩টি লিকুইড স্টকের মধ্যে ৫৪টি শেয়ার দর প্রত্যক্ষ সুফল লাভ করবে মোদী ফের প্রধানমন্ত্রী হলে। এর মধ্যে অর্ধেকই হল রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার। ক্যাপেক্স এবং পরিকাঠামো ক্ষেত্রের এই শেয়ারগুলিকে ব্রোকারেজ দুনিয়ায় নাম দেওয়া হয়েছে 'মোদী স্টক'।
তাদের মতে, ইতিমধ্যেই মোদী স্টক নিফটির তালিকায় দারুণ জায়গায় পৌঁছানোর অবস্থায় রয়েছে এবং তা ধারাবাহিক চলতে থাকবে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে রয়েছে এল অ্যান্ড টি, এনটিপিসি, এনএইচপিসি, পিএফসি, ওএনজিসি, আইজিএল এবং মহানগর গ্যাস। ব্রোকারেজের অনুমান, এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার জুন-জুলাই পর্যন্ত বৃদ্ধির ধারাবাহিক সম্ভাবনা আছে।
দৃষ্টান্ত দিয়ে সিএলএসএ জানিয়েছে, এই একই বৃদ্ধির হার লক্ষ্য করা গিয়েছিল গত দুটি ভোটের ফলের সময়ও। শেয়ার বাজার ছাড়াও এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কগুলিও আর্থিক বৃদ্ধিতে লাভবান হবে এবং তাদের শেয়ারেরও দাম চড়বে বলে পূর্বাভাস দিয়েছে এই সংস্থা।
অন্য যে কোম্পানিগুলির শেয়ার বৃদ্ধির প্রবণতা দেওয়া হয়েছে, সেগুলি হল হিন্দুজা গ্রুপের অশোক লেল্যান্ড, আল্ট্রাটেক, বাজাজ ফিনান্স, ম্যাক্স ফিনান্সিয়াল, জোম্যাটো এবং ডিমার্ট। টেলিকম ক্ষেত্রে রয়েছে ভারতী এয়ারটেল, ইন্ডাস টাওয়ার্স এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।