
মহম্মদ ইউনুস।
শেষ আপডেট: 30 December 2024 22:17
দ্য ওয়াল ব্যুরো: জুলাই -অগাস্ট গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র জারি করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সোমবার ঢাকায় সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তাঁর কথায়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।
আমরা আশা করছি, সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, আগামীকাল মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। এজন্য তারা ঢাকার শহিদ মিনারে জমায়েতের ডাক দিয়েছে।
তার কয়েক ঘণ্টা আগে সরকারের পক্ষ থেকে পৃথক ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত ঘিরে জল্পনা শুরু হয়েছে। লক্ষণীয় ছাত্র নেতৃত্ব গণ অভ্যুত্থানকে জুলাই বিপ্লব বলেছে। সেখানে সরকার বলেছে, জুলাই অভ্যুত্থান। গণ শব্দটিও অভ্যুত্থানের আগে ব্যবহার করা হয়নি। রাজনৈতিক মহল মনে করছে, ইউনুস যে সংস্কার কমিশনগুলি গঠন করেছেন সেগুলির সুপারিশের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তিনি জারি করতে চান। ছাত্রদের বিপ্লবীয়ানা থেকে অন্তর্বর্তী সরকারকে দূরে রাখতে চাইছেন তিনি।