
শেষ আপডেট: 13 February 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যিনালে এবার মামলা দায়ের করল বিএনপি। খালেদা জিয়া, তারেক জিয়াদের দলের তরফে বৃহস্পতিবার সকালে এই মামলা দায়ের করা হয়।
বিএনপির অভিযোগ, গত বছর জুলাই-অগাস্ট মাসে সরকার বিরোধী আন্দোলনে তাদের ৮৪৮ জন নেতা-কর্মী পুলিশ-সহ নিরাপত্তা বাহিনীর হাতে খুন হয়েছেন। কাউকে গুলি করে, কাউকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে অভিযোগ বিএনপির। সাবেক প্রধানমন্ত্রীকে সেই কারণে প্রধান আসামি করা হয়েছে।
তাৎপর্যপূর্ণ হল, বুধবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। তাতে তারা বলেছে, সাবেক সরকারের প্রত্যক্ষ মদতে নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছিল। জুলাই এবং আগস্টের ১৫ তারিখের মধ্যে ১৪০০ মানুষ খুন হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে রিপোর্টে।
ওয়াকিবহাল মহলের মতে, রাষ্ট্রসংঘের রিপোর্টকে হাতিয়ার করে বিএনপি এবার আওয়ামী লিগের বিরুদ্ধে কোমর বেঁধে পথে নামল।
লক্ষণীয়, আওয়ামী লিগকে নিষিদ্ধ করার দাবিও নতুন করে উঠতে শুরু করেছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রকাশের পর বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নতুন করে আওয়ামী লিগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকায় মিছিল করে।
গত সপ্তাহে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, সরকার আওয়ামী লিগকে নিষিদ্ধ করার দিকে এগচ্ছে। রাজনৈতিক দলগুলি এই ব্যাপারে সায় দিয়েছে। মনে করা হচ্ছে, বিএনপিও এখন মত বদলে শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার প্রস্তাবে সায় দিতে চলছে।