
শেষ আপডেট: 28 October 2023 15:11
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাই সত্যি হল। বিএনপি ও আওয়ামী লিগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকার একাংশ। ঘণ্টাখানেক আগে সেখানে বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। শহরের কাকরাইল মসজিদের সামনে বড় ধরনের গোলমাল হয়।
ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, বিএনপি সমর্থকেরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী বিরোধী দলের সমর্থকদের হামলায় আহত হন। অন্যদিকে, পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন বিএনপি সমর্থক। ঢাকার বিজয়নগরেও এই মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ। সেখানেও বিএনপি-পুলিশ সংঘর্ষ চলছে।
গোলমালের সূত্রপাত ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকারম লাগোয়া মাঠে আওয়ামী লিগের সভামুখী গাড়িতে বিএনপি-র হামলা ঘিরে। জানা গিয়েছে, আওয়ামী লিগ সমর্থকেরা প্রাণ ভয়ে গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করলে বিএনপি পিছু নেই। পুলিশ বিরোধী দলের সমর্থকদের বাধা দিয়ে তাদের উপর চড়াও হয় বিএনপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশের জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
অদূরে নয়া পল্টন ময়দানে বিএনপি এবং বায়তুল মোকারম মসজিদ এলাকায় চলছে আওয়ামী লিগের সমাবেশ। গণ্ডগোল ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ-প্রশাসন। দুই দলই শান্তিপূর্ণভাবে সভা করার প্রতিশ্রুতি দেওয়ায় শুক্রবার রাতে তাদের সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।
মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান মহম্মদ হারুন-অর-রশিদ বলেন, বিএনপি কথা রাখেনি। তাদের কর্মীরা হামলা চালিয়েছে। সরকারি সম্পত্তির উপর হামলা চালানো হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।