
পবন মোদী ও অতুল সুভাষ।
শেষ আপডেট: 15 December 2024 14:03
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে প্রযুক্তি কর্মী অতুল সুভাষের (Atul Subhas) আত্মহত্যার তদন্তে স্ত্রী নিকিতা সিংহানিয়া, তাঁর মা নিশা এবং ভাই অনুরাগকে গ্রেফতার করা হয়েছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে। এই ঘটনার পর অতুলের বাবা পবন কুমার মোদী প্রশ্ন তুলেছেন, তাঁদের চার বছরের নাতি কোথায়? তিনি ও তাঁর পরিবার শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন পুলিশকে।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পবন কুমার মোদী বেঙ্গালুরু পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমরা জানি না আমাদের নাতিকে কোথায় রাখা হয়েছে। সে বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে, কিছুই জানি না। আমি চাই আমার নাতি আমাদের কাছে ফিরে আসুক।'
তিনি আরও বলেন, 'আমি পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। অন্তত তারা অভিযুক্তদের গ্রেফতার করেছে। তবে আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত অতুলের চিতাভস্ম বিসর্জন দেব না। আমরা ধর্মপরায়ণ মানুষ, চিতাভস্ম সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত বিসর্জন দেব না।'
পবন মোদী অভিযোগ করেন, অতুলের মামলার শুনানি চলছিল জৌনপুরের যে পারিবারিক আদালতে, তার বিচারক দুর্নীতিগ্রস্ত ছিলেন। তিনি ঘুষ দাবি করেছিলেন বলেও জানিয়েছেন পবন। এমনকি অতুল তাঁর সুইসাইড নোটেও এ কথা লিখে গেছেন। পবনের কথায়, 'অতুল কখনও ঘুষ দিত না। ও জরিমানা দিত দরকারে, কিন্তু ঘুষ নয়।'
বৃদ্ধ পবন কুমার মোদী কান্নায় ভেঙে পড়ে জানান, নাতিকে তিনি কখনও সামনে থেকে দেখেননি। কারণ অতুলের ছেলে ২০২০ সালে জন্মেছিল, আর নিকিতা ও অতুল পরের বছর আলাদা হয়ে যান।
পবন বলেন, 'আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের কাছে অনুরোধ করছি, আমাদের নাতিকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমি শুধু ভিডিও কলেই তাকে দেখেছি, কখনও কোলে নিতে পারিনি। একজন দাদুর কাছে তাঁর নাতি সন্তানের চেয়েও বেশি প্রিয়।'
অতুল সুভাষের ভাই বিকাশ কুমারও অতুলের ছেলের নাতির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমাদের সবচেয়ে বড় চিন্তা এখন আমার ভাইয়ের সন্তানের নিরাপত্তা। আমি কর্নাটক পুলিশকে ধন্যবাদ জানাই নিকিতা আর ওর পরিবারকে গ্রেফতার করার জন্য। তবে আমাদের অভিযোগে আরও কিছু গ্রেফতার বাকি আছে, আমরা আশা করি, তাদেরও ধরে হবে।'
#WATCH | Samastipur, Bihar: Atul Subhash suicide case | On the arrest of accused Nikita Singhania, Nisha Singhania and Anurag Singhania, Pawan Kumar Modi, father of deceased Atul Subhash says, "We don't know where she has kept our grandson. Has he been killed or is he alive? We… pic.twitter.com/8TBQcWtQfM
— ANI (@ANI) December 15, 2024
গত সোমবার বেঙ্গালুরুর বাড়িতে ৩৪ বছর বয়সি অতুল সুভাষের দেহ উদ্ধার হয়। মৃত্যুর আগে তিনি একটি ২৪ পাতার সুইসাইড নোট লিখে যান, যেখানে তাঁর শেষ ইচ্ছাগুলির মধ্যে একটি ছিল, 'আমার সন্তানের দায়িত্ব আমার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হোক। ওঁরা ছেলেকে সুস্থ মূল্যবোধ-সহ বড় করবেন।'
ওই সুইসাইড নোটে উল্লিখিত স্ত্রী নিকিতা সিংহানিয়া, তার মা নিশা, ভাই অনুরাগ এবং কাকা সুশীল সিংহানিয়ার বিরুদ্ধে প্রভূত অভিযোগ ছিল হেনস্থার। অতুল অভিযোগ করেন, যে নিকিতা তার বিরুদ্ধে মিথ্যা গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছিলেন এবং ৩ কোটি টাকা চেয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে নিকিতা ও তাঁর পরিবারকে গ্রেফতার করে বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়েছে, ১৪ দিনের পুলিশি হেফাজতে আছেন তাঁরা। তবে নিকিতার কাকা সুশীল সিংহানিয়া এখনও পলাতক।