
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 1 April 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ওয়েনাড জেলার কালপেট্টা থানার শৌচাগার থেকে উদ্ধার হল ১৮ বছরের এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম গোকুল, তিনি ওয়েনাডের আম্বালাভায়াল এলাকার বাসিন্দা। গোকুলকে এক নাবালিকা মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহজনকভাবে আটক করা হয়েছিল। মঙ্গলবার সকালে পুলিশ স্টেশনের শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সোমবার সন্ধ্যায় কেরলের কোঝিকোড় থেকে গোকুল ও সেই নাবালিকা মেয়েকে আটক করে পুলিশ। এরপর তাঁদের ওয়েনাড জেলার কালপেট্টা থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের এক আধিকারিক জানান, গোকুলের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ ছিল না। তবে যেহেতু তিনি ওই নাবালিকা মেয়ের সঙ্গে ছিলেন এবং তাঁর নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, তাই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।
অপরদিকে, মেয়েটিকে রাতেই রাজ্য পরিচালিত মহিলা নিরাপত্তা কেন্দ্র ‘সাখি’-তে পাঠানো হয়। কিন্তু গোকুলকে থানায় রেখে দেওয়া হয় কারণ রাত হয়ে যাওয়ায় তাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা সম্ভব হয়নি। ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই মঙ্গলবার সকালে গোকুল শৌচাগারে যান। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হয়।
আধিকারিকরা শৌচাগারে যান, অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না পেয়ে শৌচাগারের দরজা ভেঙে গোকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিজের শার্ট গলায় জড়িয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, গোকুল কোনও মামলার সে অর্থে অভিযুক্ত ছিলেন না। তবে পকসো আইন অনুযায়ী, ঘটনার বিস্তারিত জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
পুলিশি হেফাজতে থাকা অবস্থায় গোকুলের এমন মৃত্যু ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ দাবি, এটি আত্মহত্যা। তবে গোকুলের পরিবার ও স্থানীয়রা এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তদন্তের দাবি জানিয়েছে পরিবার।