
ওয়াকফ আইন নিয়ে মামলা ১৬ এপ্রিল শুনবে সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 10 April 2025 16:37
দ্য ওয়াল ব্যুরো: নতুন ওয়াকফ আইন (Waqf act) চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার প্রথম শুনানি আগামী ১৬ এপ্রিল হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (CJI Sanjib Khanna) বেঞ্চ মামলা শুনবে।
নতুন ওয়াকফ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে। মামলাগুলির মূল বক্তব্য, নতুন ওয়াকফ আইন সংবিধান বিরোধী্। আইনে সংখ্যালঘুর ধর্মীয় পরিসরে সরকারের হস্তক্ষেপের সুযোগ রাখা হয়েছে।
সংসদের দুই কক্ষে আইনটি পাশ হওয়ার পর গত শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইনে সম্মতি দেন। গত মঙ্গলবার ভারত সরকার বিজ্ঞপ্তি জারি করে আইনটি দেশে বলবৎ করেছে।
আইনটির বিরুদ্ধে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, এআইএমআইএম ইত্যাদি পার্টি সুপ্রিম কোর্টে মামলা করেছে। আদালতের দ্বারস্থ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জামায়েতে উলেমায় হিন্দ।
ভারত সরকারও সুপ্রিম কোর্ট এবং বেশ কয়েকটি হাই কোর্টে ক্যাভিয়েট মামলা দায়ের করেছে যাতে আদালত সরকারের বক্তব্য না শুনে কোনও রায় দেয়।
বিরোধীদের দায়ের করা ওয়াকফ মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল গত সপ্তাহে। ১৬ এপ্রিল শুনানির দিন ধার্য্য করে আদালত সেই দাবি অনেকটাই রক্ষা করেছে।