
মাধবী পুরী বুচ
শেষ আপডেট: 27 January 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) বা সেবির চেয়ারপার্সন পদে বিতর্কিত কর্ত্রী মাধবী পুরী বুচের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। তার আগেই কেন্দ্র এই পদের জন্য নিয়োগের আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই বিজ্ঞাপন দিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি।
অর্থমন্ত্রকের ইকনমিক অ্যাফেয়ার্স সংক্রান্ত বিভাগ বিজ্ঞাপনে জানিয়েছে, সেবির (মুম্বই) চেয়ারপার্সন পদে যোগ্য ব্যক্তিদের কাছ থেকে আবেদন চাওয়া হচ্ছে। পাঁচ বছরের জন্য এই পদে নিয়োগ করা হবে অথবা ৬৫ বছর পর্যন্ত যেটা আগে হবে সেই পর্যন্ত থাকবে কাজের মেয়াদ। সেবির চেয়ারপার্সনের বেতন কাঠামো দুধরনের হয়ে থাকে। প্রথমটি হল ভারত সরকারের কোনও সচিব পর্যায়ের সুযোগ-সুবিধা সহ। অন্যটি হল ৫,৬২,৫০০ টাকা, যার মধ্যে গাড়িবাড়ির সুবিধা থাকবে না।
মাধবী পুরী বুচ সেবির চেয়ারপার্সন হন ২০২২ সালের ২ মার্চ। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে তিনিই ছিলেন প্রথম মহিলা চেয়ারপার্সন। তবে নতুন নিয়োগের বিজ্ঞাপন বেরিয়ে যাওয়ায় একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছে যে, মাধবী পুরী বুচকে আর এক্সটেনশন দিচ্ছে না কেন্দ্র। যদিও বুচের পূর্বতন দুই কর্তা অজয় ত্যাগী ও ইউকে সিনহাকে সেবির চেয়ারপার্সন পদে দীর্ঘ এক্সটেনশন দেওয়া হয়েছিল।
মনে করা হচ্ছে, হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে গতবছর যে বিতর্কে জড়িয়ে পড়েন মাধবী, সেই কারণেই তাঁকে আর অতিরিক্ত সময় দিতে চাইছে না সরকার। কারণ, মাধবী পুরী বুচকে সেইসময়েই অপসারণের দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অবশ্য ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হিন্ডেনবার্গ রিসার্চ সম্প্রতি জানিয়ে দিয়েছে যে, তারা তাদের কাজ বন্ধ করে দিচ্ছে।