
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 July 2024 21:43
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নিট-ইউজির সংশোধিত ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট, exams.nta.ac.in-এ তাদের NEET-UG 2024 ফলাফল দেখতে পাবেন।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। শীঘ্রই NEET-UG 2024 কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানিয়েছে এনটিএ।
ফল প্রকাশের সঙ্গেই এদিন নতুন করে মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, ৭২০ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছেন ১৭ জন। মেধা তালিকায় স্থান পেয়েছে বাংলার একজন পড়ুয়াও।
নিট-ইউজি ২০২৪-এ ফিজিক্সের প্রশ্নপত্রে একটি প্রশ্নের উত্তর নিয়ে সংশয় তৈরি হয়েছিল। প্রশ্নের চারটি বিকল্প উত্তরের মধ্যে কোনটি সঠিক হতে পারে, তাই নিয়ে বিতর্ক ঘনিয়েছিল। বস্তুত, প্রশ্নের দুটি উত্তরকেই 'সঠিক' বলে বিবেচনা করা হয়েছিল। এই পরিস্থিতিতে যে কোনও একটি বিকল্পে টিক দিলেই গ্রেস নম্বর দেওয়া হচ্ছিল।
যা নিয়ে মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতে। এ ব্যাপারে গত সোমবার দিল্লি আইআইটিকে একটি বিশেষ প্যানেল তৈরি করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তাদের থেকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়। মঙ্গলবার দুপুরে ওই বিষয়ে রিপোর্ট জমা দেয় ওই এক্সপার্ট প্যানেল। তাঁরা জানিয়ে দেয়, সংশ্লিষ্ট প্রশ্নের একটা মাত্র অপশনই ঠিকঠাক আছে, ফলে সেই নির্দিষ্ট অপশনে টিক দিলেই নম্বর মিলবে।
এরপরই শীর্ষ আদালত জানিয়ে দেয়, পুনরায় পরীক্ষা নেওয়া হবে না। পদার্থবিদ্যার সংশ্লিষ্ট প্রশ্নে সঠিক অপশনটি বাদে অন্য অপশনেও যাদের নম্বর দেওয়া হয়েছিল, সেই ৪ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর নম্বর কাটা যাবে। এরপরই এদিন সন্ধেয় সংশোধিত ফলাফল প্রকাশ করল এনটিএ।