
মেহবুবা মুফতি-মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 12 April 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ আইন (Waqf act) নিয়ে তিন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti of PDP) । মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এমকে স্ট্যালিন (MK Stalin) এবং সিদ্দারামাইয়া (Siddaramaiah), যথাক্রমে পশ্চিমবঙ্গ (West Bengal), তামিলনাড়ু (Tamil Nadu) ও কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রীকে শনিবার লেখা চিঠিতে পিডিপি সুপ্রিমো লিখেছেন, ‘দেশ এক অন্ধকারময় সময় পার করছে। কেন্দ্র নতুন ওয়াকফ আইন চাপিয়ে দিয়েছে।’
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা তিন মুখ্যমন্ত্রীকে ওয়াকফ আইনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, আপনাদের স্পষ্ট ও সাহসী অবস্থান প্রশংসনীয়। সবাইকে সাথে নিয়ে চলার অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য আপনাদের সিদ্ধান্তের গুরুত্ব অপরিসীম।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর বিধানসভায় পিডিপি এখন অন্যতম বিরোধী দল। ক্ষমতায় সাবেক আর এক শাসক দল ন্যাশন্যাল কনফারেন্স। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdulah. Chief Minister of J&K) ওয়াকফ আইনের তীব্র বিরোধিতা করলেও বিধানসভায় ন্যাশনাল কনফারেন্সের স্পিকার বিরোধী দল পিডিপির দাবি মতো ওই আইন নিয়ে বিশেষ আলোচনায় সায় দেননি। স্পিকারের বক্তব্য, ওয়াকফ আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এই অবস্থায় বিধানসভায় আলোচনা হতে পারে না। মেহবুবার দল এই স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সভা বয়কট করে।
মুখ্যমন্ত্রী ওমরের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন মেহবুবা। বিরোধী নেত্রীর বক্তব্য, সরকার ওয়াকফ আইনের বিরোধিতা করতে চাইলে তামিলনাড়ুকে অনুসরণ করুক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রখম সাফ জানিয়ে দেন, তাঁর রাজ্যে নতুন ওয়াকফ আইন কার্যকর হবে না।
পরে একই সিদ্ধান্তের কথা জানান কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী ওমরকে রাজনৈতিকভাবে অস্বস্তিতে ফেলতেই মেহবুবা তিন ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।
বাংলার মুখ্যমন্ত্রী তিন দিন আগে নেতাজি ইনডোরের সভাতেই সাফ জানিয়েছিলেন রাজ্যে ওয়াকফ পরিচালন ব্যবস্থায় কোনও পরিবর্তন হবে না। ওয়াকফ সম্পদ নয়ছয় হতে দেবে না রাজ্য সরকার। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্ট করে বলেছেন, পশ্চিমবঙ্গে নতুন ওয়াকফ আইন বলবৎ করা হবে না।