
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ফাইল ছবি।
শেষ আপডেট: 23 April 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: পহলগামে জঙ্গি হামলার একদিন পর বুধবার প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এদিন বলেন, এই ঘটনায় আমাদের কিছু করার নেই। জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই বোঝাতে গিয়ে আসিফ জোর গলায় বলতে চান, আমাদের ঘাড়ে দোষ চাপাবেন না। এর পিছনে আমাদের কোনও হাত নেই।
যদিও পাক মন্ত্রীর এই দাবিতে আশ্বস্ত হয়নি নয়াদিল্লি। কারণ ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে যে হামলাকারীদের দুজন পাক নাগরিক। এবং লস্করের ছায়া সংগঠন টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে। সুতরাং, সরাসরি পাকিস্তানি মদতের প্রমাণ দেওয়ার কোনও প্রয়োজন পড়ে না।
পাক মন্ত্রীর দাবি, আমাদের সত্যিই কিছু করার নেই, কোনও হাত নেই এই ঘটনায়। আমরা যে কোনও সন্ত্রাসবাদকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। শুধু এখানে নয়, পৃথিবীর যে কোনওখানে জঙ্গিপনাকে বরদাস্ত করে না পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রও বলেন, অনন্তনাগ জেলায় পর্যটকদের উপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন।
পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফ আরও বলেন, ভারতে যা ঘটেছে তা ওদের দেশেই লালিত-পালিত। ভারতের অভ্যন্তরেই বিরোধিতার একটি অংশ। তাঁর কথায়, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তীসগড়, মণিপুর এবং দক্ষিণের তথাকথিত রাজ্যগুলিতে বিদ্রোহ দানা বাঁধছে। ফলে এই ঘটনা বিদেশি কোনও শক্তির কাজ নয়, একেবারেই ঘরের অশান্তিতে ঘটেছে বলে মতপ্রকাশ করেন পাক মন্ত্রী।
আসিফের কথায়, এইসব মানুষ এখন তাঁদের অধিকার চাইছেন। কিন্তু ভারতের হিন্দুত্ববাদী শক্তি সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিমদের অধিকার কেড়ে নিতে চাইছে, তাই তাঁরা প্রতিবাদ করছেন। জঙ্গিরা নিরীহ-নিরস্ত্র পর্যটকদের নিশানা করায় আসিফ বলেন, ভারত তো বালুচিস্তানে অশান্তি বাধাচ্ছে। আমরা একবার নয়, বারবার তার প্রমাণ দিয়েছি। পাকিস্তানে অস্থিরতা সৃষ্টির পিছনে রয়েছে ভারত। ভারত তার নাগরিকদের উপর যে ব্যবহার করছে, তাতেই সশস্ত্র প্রতিবাদ ঘনিয়ে উঠছে।
যদি সেনা আর পুলিশ মিলে যৌথভাবে দমন-পীড়ন চালায় তাহলে মৌলিক অধিকার রক্ষার দাবি তো উঠবেই। আর এসবের জন্য পাকিস্তানকে দায়ী করা ভারতের চিরাচরিত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, বলেন মন্ত্রী।