
পূজা খেদকারের মা মনোরমার ভিডিও ভাইরাল
শেষ আপডেট: 12 July 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো নথি জমা দিয়ে, 'প্রতিবন্ধী' হওয়ার নাটক করে আইএএস অফিসার হওয়ার অভিযোগ উঠেছে পূজা খেদকারের বিরুদ্ধে। আপাতত ট্রেনি আইএএস অফিসার হয়ে কাজ করা পূজাকে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে বদলি করাও হয়েছে। তবে তাঁকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। ইতিমধ্যে আরও বেশ কয়েকটি অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর মায়ের একটি ভিডিও। যেখানে হাতে বন্দুক নিয়ে কিছুজনকে ভয় দেখাচ্ছেন তিনি।
পূজার বাবা দিলীপ যিনি অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, পুনের মুলশি তালুকা এলাকায় ২৫ একর জমি কিনেছিলেন। এছাড়াও আরও একাধিক এলাকায় তিনি সম্পত্তি কেনেন যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। তবে সমস্যা দেখা দেয় পুনের ওই জমি নিয়ে। স্থানীয়দের দাবি, ওই জমি কেনার পর আশেপাশে বেশ কিছু কৃষকদের জমিও দিলীপ জোর করে কিনতে গেছিলেন কিন্তু জমির মালিকরা তাতে বাধা দেয়। এরপরই এলাকায় নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে এসে বন্দুক দেখিয়ে পূজার মা মনোরমা ভয় দেখান বলে অভিযোগ।
যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে তাঁকে বলতে শোনা যায়, ''আমার নামে এই জমি আছে। যারা মানছে না তারা জমির কাগজ দেখাক।'' ভিডিওতে আরও এক ব্যক্তিকে বলতে শোনা যায়, জমির আসল মালিক তিনি আর সেই প্রমাণও তাঁর কাছে আছে। কিন্তু মনোরমা সেই দাবি না মেনে কার্যত তার সামনে বন্দুক উঁচিয়ে বলেন, কেউ যেন তাঁকে নিয়ম না শেখায়। যদিও এই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। এই ঘটনায় কয়েকজন কৃষক পুলিশে অভিযোগ জানাতে গেছিলেন বটে কিন্তু লাভ পাননি।
পূজার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি আংশিকভাবে দৃষ্টিহীন ক্যাটেগরি এবং অন্যান্য অনগ্রসর ক্যাটেগরির আওতায় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে আইএএস অফিসার হয়েছেন। যদিও পরীক্ষায় পাশ করার পর যখন তাঁকে মেডিক্যালেও পাশ করতে হত, সেই সময়ে তিনি কোনও মেডিক্যাল টেস্ট দিতে যাননি।
পরবর্তী সময়ে বাইরের একটি সেন্টার থেকে এমআরআই রিপোর্ট ইউপিএসসি-তে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু তা নাকচ করে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, পরিবারের রাজনৈতিক যোগাযোগের সুবিধা নিয়ে সেই রিপোর্ট পাশ করিয়ে নিয়েছিলেন পূজা। এরপর ট্রেনি আইএএস অফিসার হিসেবে কাজ শুরু করেন।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এক সদস্যের তদন্ত কমিটি গড়ে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। অন্যদিকে, আইএএস অ্যাকাডেমি পৃথকভাবে প্রবেশন অবস্থায় পূজার আচরণবিধি নিয়ে খতিয়ে দেখছে।