
ফাইল ছবি।
শেষ আপডেট: 21 April 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে ভারতীয় রেলে (Indian Railway) চুক্তিভিত্তিক কর্মীর (contractual workers) সংখ্যা প্রায় দু'লক্ষ! সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে (RTI) এক ব্যক্তি রেলে চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা জানতে চেয়েছিলেন। তারই জেরে সামনে এসেছে এই চাঞ্চল্যকর পরিসংখ্যান।
স্বভাবতই বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, স্থায়ী পদে নিয়োগ না করে কেন চুক্তিভিত্তিক কর্মী দিয়ে চালানো হচ্ছে রেলের মত পরিষেবাকে। এ ব্যাপারে রেলের তরফে এখনও কোন সুস্পষ্ট প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রেল সূত্রে খবর, ভারতীয় রেলে এই মুহূর্তে শূন্য পদের সংখ্যা প্রায় তিন লক্ষ!
সংবাদ সংস্থা সূত্রের খবর, তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) সম্প্রতি রেলের চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা জানতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়। যার জবাবে গত ২৭ ফেব্রুয়ারি জানানো হয়েছে, রেলে চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা মোট ১ লক্ষ ৯১ হাজার ৩৭৮ জন। এর মধ্যে কোন জনে কত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তা অবশ্য স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।
যেমন রেলের তরফের সম্প্রতি এক পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়েছিল তাদের মোট কর্মীর সংখ্যা ১৩ লক্ষ। এর মধ্যে এই ২ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীও রয়েছেন কিনা তা অবশ্য রেলের ওই পরিসংখ্যানেও স্পষ্ট করা হয়নি। তবে এত সংখ্যক শুন্য পদ নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, যে রেলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে কেন স্থায়ী পদে নিয়োগ না করে চুক্তিভিত্তিক কর্মী দিয়ে চালানো হচ্ছে।