
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 5 June 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের উত্তরকাশীর সহস্ত্র তালে অভিযান গিয়ে ৯ জন ট্রেকারের মর্মান্তিক মৃত্যু হল। বুধবার এই খবর দিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্র জানিয়েছে, ২২ জনের একটি দল খারাপ আবহাওয়ায় পথ হারিয়ে ফেলে। তাতেই অভিযানে যাওয়ার পথে ৯ জনের মৃত্যু হয় মঙ্গলবার।
অন্য অভিযাত্রীদের খোঁজে আকাশ ও পাহাড়ি পথে তল্লাশি চালিয়ে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে খোঁজ চালানো দুষ্কর হয়ে পড়ে। ২টি চিতা হেলিকপ্টার এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমেছিল।
উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে ১৫ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সহস্ত্র তাল। তাল মানে লেক বা হ্রদ। যাওয়া-আসা নিয়ে ২৪ কিমি দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হয় এই লেকে পৌঁছাতে। অতি সঙ্কীর্ণ ও পদে পদে বিপদসঙ্কুল এই পথ।
জেলাশাসক মেহেরবান সিং বিস্ত নিজে উদ্ধারকাজ তদারক করেন। উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী বলেন, গত ৪ জুন এসডিআরএফ দলের কাছে অভিযাত্রী দলের নিখোঁজ হওয়ার খবর আসে। জেলার ভাটোয়ারি ব্লক অফিস থেকে ট্রেকারদের খোঁজ মিলছে না বলে জানানো হয়। তাতে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণে ২২ জনের একটি ট্রেকার দল হারিয়ে গিয়েছে।
খবর পাওয়া মাত্রই রাজ্য প্রশাসন এসডিআরএফ, বন দফতর এবং পুলিশ নিয়ে ১০ জনের একটি উদ্ধারকারী দল গঠন করে। ট্রেকার দলটিতে ১৮ জন কর্নাটকের এবং একজন মারাঠি ছিলেন। তিনজন স্থানীয় পথ প্রদর্শকও ছিলেন বলে সূত্রে জানা গিয়েছে।