
নিট পরীক্ষা
শেষ আপডেট: 23 June 2024 22:49
দ্য ওয়াল ব্যুরো: ১৫৬৩ জন পরীক্ষার্থীর নিট পরীক্ষা বাতিল করেছিল আদালত। 'অতিরিক্ত নম্বর' পাওয়ার কারণে ফের নিট পরীক্ষার আয়োজন করা হয়েছিল তাঁদের জন্য। সেই পরীক্ষাই অনুষ্ঠিত হল আজ, রবিবার। কিন্তু সেই পরীক্ষায় বসলেন না ৭৫০ জনই, অর্থাৎ প্রায় ৫০ শতাংশ পড়ুয়া। ১৫৬৩ জনের মধ্যে কেবল ৮১৩ জন পরীক্ষায় বসেন।
নিট পরীক্ষার ফল বেরোনোর পরে দুর্নীতির অভিযোগ উঠেছিল। মেঘালয়, হরিয়ানা, চণ্ডীগড়, গুজরাত এবং ছত্তীসগঢ়ের মোট ছ’টি পরীক্ষাকেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হওয়ার কারণে অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। এই নিয়েই বিতর্ক শুরু হয় দেশ জুড়ে।
এর পরে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায় যে, অতিরিক্ত নম্বর বাতিল করা হচ্ছে। কেন্দ্র আরও জানায়, চাইলে আবার পরীক্ষা দিতে পারবেন ওই পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা না দিলে অতিরিক্ত বা বাড়তি নম্বর বাতিল হবে।
রবিবার সেই পরীক্ষা বা রিটেস্ট হল। তাতেই বসলেন অর্ধেক পরীক্ষার্থী। আগামী রবিবার, ৩০ জুন এই পরীক্ষার ফল প্রকাশিত হবে।