
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 13 January 2025 20:53
দ্য ওয়াল ব্যুরো: ১৩ জানুয়ারি অর্থাৎ আজ থেকে প্রয়াগরাজে শুরু হল মহাকুম্ভ মেলা। প্রতি ১২ বছরে একবার মহাকুম্ভ হয়। এবার তারউপর পুণ্য মহাকুম্ভ। যা আয়োজিত হচ্ছ ১৪৪ বছর পর। এই ১৪৪ বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয়। এই পুণ্যক্ষেত্রেই হচ্ছে ভণ্ডামি। অভিযোগ তুললেন নেটিজেনরা।
মহাকুম্ভ ঘিরে সাজো সাজো রব উত্তর প্রদেশের প্রয়াগরাজে। বিভিন্ন আখড়ায় জমায়েত হচ্ছেন একাধিক সাধু সন্তরা। সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধু সেই ছবি ভিডিও। কেউ মাশান নিয়ে নাচ করছেন তো কেউ মুণ্ডমালা নিয়ে ধ্যানে মগ্ন। কেউ ছাই মেখে খেলা দেখাচ্ছেন তো কেউ আগুন নিয়ে বিভিন্ন ঝাঁপ দিচ্ছেন। এই সাধুদের মাঝে হঠাৎই ভাইরাল হন এক সাধ্বী।
মুখে মেকআপ, গায়ে গাঁদা ফুলের মালা। চোখে টানা টানা কাজল। ঠোঁটে সদ্য পরা লিপস্টিকের ছাপ। চুলও বেশ সুন্দর করে বাঁধা। তিনি প্রয়াগরাজে পা দিতেই অনেকে তাঁর কাছে গিয়ে কৌতুহল বশত প্রশ্ন করে বসেন। উত্তরাখণ্ড থেকে এসেছেন বলে জানান সাধ্বী। আচার্য মহাপাণ্ডলেশ্বরের শিষ্য বলে পরিচয় দেন। তাঁর কথায় উঠে আসে সন্ন্যাস জীবনের কথা। জানান, সব ছেড়ে তিনি এই বেশ ধারন করেছেন দু'বছর আগে।
এই ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। তারপরই শুরু হয় বিতর্ক। 'ঋষি বাগরী' নামের এক নেটিজেন সাধ্বীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। নিজের এক্স হ্যান্ডেলে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রিল পোস্ট করেন। যেখানে 'কাজরা মোহাব্বত ওয়ালা' গানের রিমিক্স ভার্সনে লিপ মেলাতে দেখা যায় তাঁকে। গানের তালে খানিকটা কোমরও দোলান তিনি।
Why these Insta influencers lie so much ? pic.twitter.com/T96VpcB1sx
— Rishi Bagree (@rishibagree) January 13, 2025
এই দু'টি ভিডিও আসলে একজনেরই। এমনই দাবি করেন নেটিজেন। তিনি দু'টি ভিডিও এক ফ্রেমে শেয়ার করে ক্যাপশনে লেখেন, এই ইনফ্লুয়েন্সাররা এত মিথ্যে কেন বলেন?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মহাকুম্ভর এমন অনেক ভিডিওর সত্যতা নিয়েই প্রশ্ন উঠেছে। অনেকেই সাধুদের পরিচয় নিয়েও দ্বন্দ্ব প্রকাশ করেছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে এও বলেছেন, '২০১৯-এর আগে এমন ভণ্ডামি লক্ষ্য করা যেত না। এখন সবই সোশ্যাল মিডিয়ায় প্রচার পাওয়ার জন্য।'
যদিও এবিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। ভিডিওর সত্যতা যাচাই করেনি 'দ্য ওয়াল।'