
শেষ আপডেট: 14 December 2023 07:38
দ্য ওয়াল ব্যুরো: নতুন সরকার শপথ নিতেই বড় ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এখন থেকে আর খোলা বাজারে বিক্রি করা যাবে না ডিম, মাংস। বিক্রি হবে, কিন্তু তা আড়ালে। এমনকী রাজ্যে ধর্মীয় ও পাবলিক স্পেসে মাইক বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার এই ঘোষণার পরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও ১১টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে বুধবার শপথবাক্য পাঠ করেছেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর সঙ্গে শপথ নেন দুই উপমুখ্যমন্ত্রী জগদীশ দৌদা ও রাজেন্দ্র শুক্লাও। এরপর শুরু হয় নতুন মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক।
সেখানেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নেন। তিনি জানান, এবার থেকে মাংস ও ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রকাশ্যে এই খাদ্যদ্রব্যগুলি আর বিক্রি করা যাবে না। এই নিষেধাজ্ঞা জারির পিছনে নিজের যুক্তিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, “খাদ্য সুরক্ষার নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের জনগণকে তা মেনে চলতে হবে।”
নতুন মুখ্যমন্ত্রী আরও জানান, প্রথমে জনগণের মধ্যে এই নতুন সিদ্ধান্ত নিয়ে সচেতনতা প্রচার চালানো হবে। তারপর রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করবে। খাদ্য দফতর থেকে এই প্রচার চালানো হবে। আপাতত পুলিশ ও স্থানীয় প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি প্রকাশ্যে মাংস, ডিম বিক্রির উপরে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকবে।