
বেঙ্গালুরু শহরের ছবি।
শেষ আপডেট: 16 July 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: গরমের জন্য কলকাতা ছেড়ে পাকাপাকিভাবে বেঙ্গালুরুতে থাকতে চান অনুরাগ দাস! পিএইচডি করতে বেঙ্গালুরুতে গিয়ে প্রথম দর্শনেই সেখানকার মনোরম আবহাওয়ার প্রেমে পড়ে গিয়েছেন কলকাতার এই তরুণ।
কোনও রাখঢাক না রেখে সোশ্যাল মাধ্যমে এ ব্যাপারে পোস্টও করেছেন ওই ছাত্র। নিজের টুইটার হ্যান্ডেলে কলকাতার সঙ্গে সিলিকন ভ্যালির তুলনা টেনে অনুরাগ লিখেছেন, "বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে বের হলেই বাইরের বাতাস প্রায় এসির মতো মনোরম। অথচ এই জুলাই মাসেও কলকাতার রাস্তায় ১ মিনিটের মধ্যে ঘামে জামা ভিজে যায়।"
অনুরাগ আরও লিখেছেন, "আমি এখানে কন্নড় ভাষায় পিএইচডি করতে এসেছি। এমন মনোরম পরিবেশ যে এখানেই পাকাপাকিভাবে থেকে যাওয়ার ইচ্ছে আছে।"
Stepping out of Bengaluru Airport, the air outside is almost as pleasant as AC. In July.
— Anurag Das (@anurag_das2015) July 14, 2024
Compare it with the open-air sauna that is Kolkata, which leaves you drenched in sweat in minutes.
I am now willing to do a PhD. in Kannada, if it means I can stay here forever.
১৪ জুলাই নিজের অ্যাকাউন্ট থেকে এই টুইটটি করেছিলেন অনুরাগ। ৪৮ ঘণ্টায় ৮৮ হাজার ৪০০ জনের বেশি নাগরিক সেটি দেখেছেন। বেশ কিছু নেট নাগরিক তাঁর এই মন্তব্য নিয়ে মতামতও জানিয়েছেন। তাঁদের কারও মতে, শুধুমাত্র মনোরম আবহাওয়ার কথা ভেবে বেঙ্গালুরুতে পাকাপাকিভাবে সারাজীবন থাকার সিদ্ধান্ত নেওয়া পরে কঠিন মনে হতে পারে। কিছুদিন বেঙ্গালুরুতে থাকার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
এক নেট নাগরিকের কথায়, "হ্যাঁ একথা ঠিক, বেঙ্গালুরুর পরিবেশ সত্যিই খুবই মনোরম। কিন্তু এখানকার ট্রাফিক এতটাই জঘন্য যে দেড় কিমি পথ যেতে আপনাকে ৩০ মিনিট সময় ব্যয় করতে হবে।"
অন্য আর এক নেট নাগরিক নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, "বিমানবন্দরের বাইরের পরিবেশ এসির মতোই মনে হবে। আপনি ওখান থেকে ২০ কিমি রাস্তা অতিক্রম করুন, তখনই বুঝতে পারবেন।" অর্থাৎ তিনিও পরোক্ষে যানজটের ইঙ্গিত দিয়ে বোঝাতে চেয়েছেন, ২০ কিমি পথ পেরোতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় ব্যয় করতে হবে।
অন্য একজন বৃষ্টির সময় বেঙ্গালুরুর রাস্তাগুলিকে হ্রদের সঙ্গে তুলনা করে বলেছেন, "এই শহরে আপনাকে স্বাগত। আগে কিছুদিন থাকুন। শহরটা ভাল করে চিনুন, জানুন, তারপর না হয় প্রেমে পড়বেন।" এমনই একাধিক মন্তব্য উপচে পড়ছে কলকাতার অনুরাগের বেঙ্গালুরু-প্রেম সংক্রান্ত পোস্টকে ঘিরে।