
শিন্ডে ও ফডণবীস
শেষ আপডেট: 21 February 2025 20:58
দ্য ওয়াল ব্যুরো: মারাঠার মুখ্যমন্ত্রী (Maharashtra) ফডণবীসের (Devendra Fadnavis) সঙ্গে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) ঠান্ডা লড়াই যেন অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। দু'জনের মধ্যে ধিকিধিকি কথা চলছিলই বেশ কয়েকদিন ধরে। এবার সেই আবহেই টানটান সুর চড়িয়ে শিবসেনা প্রধান জানালেন, "আমায় হালকা ভাবে নিলে ভুল করবেন। মনে রাখবেন, '২২ সালে আমিই সরকার ফেলেছিলাম।"
শুক্রবার শিন্ডের এহেন মন্তব্যে কারও নাম উল্লেখ না থাকলেও দু'জনেই চোরাগোপ্তা লড়াইয়ের প্রসঙ্গই বারবার উঠে আসছে মারাঠাভূমে।
মহারাষ্ট্রে যখন সরকার গঠন হবে হবে করছে, তখন থেকেই মুখ্যমন্ত্রী মুখ নিয়ে আলোচনা চলছিল। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে ফড়ণবীস আসন বাগিয়ে নিলেও একনাথ শিন্ডের সঙ্গে কচকচানি লেগেই ছিল।
এমন কথা হাওয়ায় ভাসেনি। কিছু উদাহুন দিলে বোঝা যাবে, প্রথমত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি এড়িয়ে গিয়েছেন শিন্ডে। দ্বিতীয়ত, শিন্ডেকালের ১৪০০ কোটি টাকার টেন্ডার খারিজ করা হয়।
আবার সদ্য খবর, শিন্ডে শিবিরের ২০ জন বিধায়কের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তাও নাকি তুলে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার রুখতেই নাকি এমন পদক্ষেপ করা হয়। মোদ্দা কথা দু'জনই কেউ টেনে খেলছেন, কেউ ছেড়ে।
এত কিছুর মধ্যেই এদিন একনাথ শিন্ডে কারও নাম না করে বলেন, "আমি আগেই বলেছি, আমাকে হালকা ভাবে নিলে ভুল করবেন। আমি সাধারণ কর্মী ঠিকই, তবে আমি বালা সাহেবের শিষ্য। সেটা যেন ওরা মাথায় রাখেন। আমায় হালকা করে নেওয়ার জন্যই '২২ সালে সরকার বদলে গিয়েছে। আমি আর দেবেন্দ্রজি ২০০-র বেশি আসনে জিতে সরকারে আসব বলেছিলাম, ২৩২ আসন এনেছি। এই ইঙ্গিত যার বোঝার দরকার তিনি বুঝে নিন।"
বস্তুত, ২২ সালে শিবসেনা ভেঙে মহারাষ্ট্রে উদ্ধব সরকারের পতন ঘটানোর নেপথ্যে ছিলেন একনাথ। দীর্ঘ টালমাটাল পরিস্থিতির পর বিজেপি ও নয়া শিব সেনার উদ্যোগে গঠিত হয় সরকার। শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস সরকারের পতন হয়। পরে ওই জোট থেকে কয়েক জন বিধায়ককে নিয়ে বেরিয়ে আসেন এনসিপি নেতা শরদ পওয়ারের ভাইপো অজিতও।
সব মিলিয়ে ওয়াকিবহাল মহল মনে করছে, কিছু একটা অঘটন ঘটলেও ঘটে যেতে পারে। কারণ আজকে শিন্ডের নাম না করে চমকানি, মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রী জুটির জঠরে যথেষ্টই উল্লেখযোগ্য।