
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 October 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার থেকে কলকাতার ধর্মতলায় 'আমরণ অনশনে' বসেছেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে আপাতত ৭ জন বসেছেন অনশনে। তাঁদের সমর্থনে রাজ্যের আমজনতা থেকে শুরু করে বিশিষ্ট মহল তো আছেই। এবার দিল্লি থেকেও এল সমর্থন। রাজধানীর চিকিৎসকরাও বসেছেন অনশনে। করবেন মোমবাতি মিছিলও।
কলকাতার প্রতিবাদী চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে একদিনের অনশনের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির একাধিক মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। শুধু তাই নয়, এইমসের ডাক্তাররাও মোমবাতি মিছিল করবেন। এই ইস্যুতে বিজ্ঞপ্তি দিয়েছে দিল্লির রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তাঁদের স্পষ্ট কথা, কলকাতায় যে ঘটনা ঘটেছে এবং যার বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, তাকে তাঁরা পূর্ণ সমর্থন করছেন।
দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা তো অনশনে বসেইছেন, গুরু তেজ বাহাদুর হাসপাতালের চিকিৎসকরা কালো রিবন বেঁধে কলকাতার এই আন্দোলনকে সমর্থন করেছেন। সন্ধে ৬টায় একটি মোমবাতি মিছিলের আয়োজনও করা হয়েছে।
Press Release
— RDAAIIMS DELHI (@AIIMSRDA) October 6, 2024
06.10.2024
RDA AIIMS in full solidarity with the resident doctors of West Bengal who are on indefinite hunger strike. @MamataOfficial @MoHFW_INDIA pic.twitter.com/zjmVag1XEa
গত শনিবার থেকে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর সাত জন প্রতিনিধি ১০ দফা দাবিতে আমরণ অনশন করছেন ধর্মতলায়। তাঁদের অনশনে সামিল হয়ে ইতিমধ্যে একাধিক সিনিয়র ডাক্তার 'প্রতীকী অনশন'ও করেছেন ১২ ঘণ্টার।