.webp)
শেষ আপডেট: 30 April 2024 22:37
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দেশের আরও চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। আসনগুলি হল- গুরগাঁও, উত্তর মুম্বই, হিমারপুর ও কাঙরা।
হরিয়ানার গুরগাঁওয়ে এবার কংগ্রেস প্রার্থী করেছে উত্তর প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বলিউড অভিনেতা রাজ বব্বরকে। একইভাবে হিমাচল প্রদেশের বিজেপি গড় হিসেবে পরিচিত কাঙরায় কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মাকে।
তবে তৃতীয় দফা ভোটের মুখেও আমেঠি, রায়বেরালি নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কংগ্রেস হাইকম্যান্ড। এই দুটি আসনে এবারে কাকে প্রার্থী করা হবে তা এখনও স্পষ্ট নয়।
Congress fields Raj Babbar from Gurgaon, Anand Sharma from Kangra pic.twitter.com/5srlHFSqqz
— Vasudha Venugopal (@Vasudha156) April 30, 2024
প্রসঙ্গত, উত্তর প্রদেশের এই দুই হাই প্রোফাইল আসনে কংগ্রেস কাকে প্রার্থী করে তা নিয়ে কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে। কারণ, ২০০৪ সাল থেকে রায়বেরালি আসন থেকে জিতে এসেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী। তবে বর্তমানে তিনি রাজ্যসভায় গিয়েছেন।
অন্যদিকে আমেঠি থেকে টানা তিনবার সাংসদ হিসাবে জয়ী রাহুলকে গত লোকসভা ভোটে হারিয়ে দিয়েছিলেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি । দলের একাংশ এবারও চাইছেন রাহুল ওই আসনে লড়াই করুক। তবে এ ব্যাপারে এখনও ধন্ধে হাত শিবির।
উত্তর মুম্বই লোকসভায় কংগ্রেস প্রার্থী করেছে স্থানীয় নেতা ভূষণ পাতিলকে। এই আসনে পাতিলের বিপরীতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। একইভাবে হিমাচলপ্রদেশের হামিরপুর লোকসভা আসনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে উনার বিধায়ক সাতপাল রাইজাদাকে।