
কংগ্রেস সভাপতি বলেন, এনডিএ সরকার ভুল করে গঠিত হয়ে গিয়েছে।
শেষ আপডেট: 15 June 2024 13:43
দ্য ওয়াল ব্যুরো: এনডিএ সরকার ভুল করে গঠিত হয়ে গিয়েছে। যে কোনও সময় মোদী সরকারের পতন ঘটতে পারে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের এই মন্তব্যকে কেন্দ্র করে রুখে দাঁড়াল বিজেপির শরিক দলগুলি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল (জেডিইউ) খাড়্গেকে সরাসরি ইউপিএ জমানায় কংগ্রেসের আসনসংখ্যার দিকে ফিরে তাকানোর কথা বলেছে।
শুক্রবার বেঙ্গালুরুতে কংগ্রেসের রাজ্যসভার নেতা তথা দলের সভাপতি খাড়্গে বলেন, এনডিএ সরকার ভুল করে গঠিত হয়ে গিয়েছে। মোদীজির হাতে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই। এটা সংখ্যালঘু সরকার। এই সরকার যে কোনও মুহূর্তে পড়ে যাবে। আর তা হলে দেশের পক্ষেই মঙ্গল। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে দেশকে শক্তিশালী করতে।
উল্লেখ করা যেতে পারে, গত লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র দিকে রয়েছে ২৯৩ সদস্য। ৫৪৩ সদস্যবিশিষ্ট লোকসভায় বিজেপি জিতেছে ২৪০টিতে। চার শরিক দলের মধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির ১৬ সাংসদ, নীতীশ কুমারের ১২, একনাথ শিন্ডে সেনার ৭ এবং চিরাগ পাসোয়ানের জনশক্তি পার্টির (রামবিলাস) ৫ জন সাংসদ রয়েছেন।
খাড়্গের এই কটাক্ষে জেডিইউয়ের বক্তব্য, কংগ্রেসের পিভি নরসিমা রাও এবং মনমোহন সিংয়ের জমানায় ওদের এমপি কতজন ছিলেন? জেডিইউ নেতা নীরজ কুমার কংগ্রেস সভাপতির স্মৃতিবিভ্রম হয়েছে বলে অভিযোগ করে বলেন, উনি বোধহয় ভুলে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও ও মনমোহন সিংয়ের আমলে ওনাদের সংখ্যা কত ছিল?
খাড়্গেকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ১৯৯১ সালে এ বছরের বিজেপির মতোই সাংসদ ছিলেন কংগ্রেসের। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও নরসিমা রাওয়ের সংখ্যালঘু সরকার গঠিত হয়েছিল। রাওয়ের রাজনৈতিক কৌশলে পরবর্তী ২ বছরের মধ্যে এই সরকার সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
খাড়্গেকে একহাত নিয়ে রিপাবলিকান পার্টির (এ) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বলেন, এনডিএ-র হাতে সংখ্যাগরিষ্ঠতা আছে। আমি মল্লিকার্জুন খাড়্গেকে পরামর্শ দেব আপাতত বিরোধী দলের ভূমিকা পালন করুন। এনডিএ-র আর এক শরিক দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রতিষ্ঠাতা সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি বলেন, আমার মনে হয় ভুল করে ওরাই কিছুটা শক্তি পেয়ে গিয়েছে।