আগামী ৬ নভেম্বর রাজ্যে হতে চলেছে শাসককেন্দ্রিক অথবা সরকার-বিরোধী শাসনভার জনমত গ্রহণ।
.jpeg.webp)
ভোটারের মন কথা বলবে পরশু সকাল থেকে।
শেষ আপডেট: 4 November 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে বিহারের বিধানসভা ভোট এসেই গেল। আজ, মঙ্গলবারই প্রচারের শেষদিন। এদিন বিকেল ৫টা থেকে শুরু হবে ‘নীরবতার প্রহর’। আগামী ৬ নভেম্বর রাজ্যে হতে চলেছে শাসককেন্দ্রিক অথবা সরকার-বিরোধী শাসনভার জনমত গ্রহণ। এদিন বিকেল হতেই সব মাইক্রোফোনের শব্দ থেমে যাবে। ভোটকেন্দ্রের কাছাকাছি থেকে খুলে ফেলতে হবে পোস্টার, ব্যানার, পতাকা। সোশ্যাল মিডিয়াতেও কানাঘুষো প্রচার স্তব্ধ হবে। শুধু ভোটারের মন কথা বলবে পরশু সকাল থেকে।
৬ নভেম্বর বিহারের ১৮টি জেলার ১২১টি কেন্দ্রে প্রথম দফায় ভোটগ্রহণ হবে। মোট ১,৩১৪ প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে এই দফায়। তার মধ্যে ১,১৯২ জন পুরুষ ও ১২২ জন মহিলা প্রার্থী রয়েছেন। প্রথম দফায় ১০২টি সাধারণ এবং তফসিলি জাতি সংরক্ষিত ১৯টি আসনে ভোট হবে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রথম দফায় মোট ৩,৭৫,১৩,৩০২ জন ভোটার জনমত প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১.৯৮,৩৫,৩২৫ এবং মহিলা ভোটার ১,৭৬,৭৭,২১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৭৫৮ জন।
৪৫ হাজার ৩৪১টি ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট করাতে কমিশন ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। দ্বিতীয় দফার ভোট হবে আগামী ১১ নভেম্বর এবং গণনা ও ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।
প্রথম দফার ভোটের শেষদিনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সঙ্গে কথা বলবেন। মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির অন্তর্গত এই অনুষ্ঠানে অংশ নেবেন বিজেপির মহিলা কর্মীরা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডা এদিন শেষ প্রচারে চষে ফেলবেন। বিরোধী জোটের তরফে তেজস্বী যাদব, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শেষবেলার প্রচারে ঝাঁপাচ্ছেন।