
অরবিন্দ কেজরিওয়াল।
শেষ আপডেট: 11 December 2024 10:23
দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজধানী দিল্লিতে একসঙ্গে জোট বেঁধে লড়তে দেখা গিয়েছিল আমআদমি পার্টি ও কংগ্রেসকে। দিল্লির আসন বিধানসভা ভোটেও সেই ধারা বজায় থাকবে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে দাবি করা হচ্ছিল।
বুধবার সকালে জোটের সেই জল্পনায় জল ঢেলে দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এদিন টুইট বার্তায় একথা স্পষ্ট করে কেজরিওয়াল জানিয়েছেন, আসন্ন বিধানসভা ভোটে রাজধানী দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আপ আর জোট করবে না।
বুধবার সকাল সাড়ে ৯টার কিছু পরে টুইটে কেজরিওয়াল স্পষ্টাস্পষ্টি জানিয়ে দিলেন, দিল্লির বিধানসভা ভোটে আম আদমি পার্টি নিজের শক্তিতেই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোটের কোনও সম্ভাবনা নেই।
Aam aadmi party will be fighting this election on its own strength in Delhi. There is no possibility of any alliance with congress. https://t.co/NgDUgQ8RDo
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 11, 2024
আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা ভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি ঘর গোছানোর কাজে নেমেও পড়েছে। এরই মধ্যে কয়েকটি সংবাদ সংস্থার তরফে দাবি করা হয়েছিল, দিল্লির বিধানসভা ভোট নিয়ে আপ ও কংগ্রেসের সমঝতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফলে জোট নিয়ে আপের কর্মীদের মধ্যেও নানাবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল।
তারই জেরে টুইট করে কেজরিওয়াল দলের অবস্থান স্পষ্ট করে দিলেন বলে মনে করা হচ্ছে।
বস্তুত, লোকসভা ভোটে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলেও সে সময়ই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল পরোক্ষে জানিয়ে দিয়েছিলেন, এখন জোট করা হচ্ছে মানে এই নয় যে পরেও কংগ্রেসের সঙ্গে জোট করে তাঁরা ভোটে লড়বেন। সেদিন কেজরিওয়াল বলেছিলেন, "আপের সঙ্গে কংগ্রেসের কোনও চিরস্থায়ী বৈবাহিক সম্পর্ক নেই। আমাদের লক্ষ্য ছিল এই মুহূর্তে বিজেপিকে পরাজিত করা। দেশ থেকে বিজেপি শাসনের গুন্ডাগিরি ও স্বৈরতন্ত্রকে হটানো। তাই আমরা কংগ্রেসের সঙ্গে জোটে রাজি হয়েছি।"
প্রসঙ্গত, লোকসভা ভোটে দিল্লিতে আপ-কংগ্রেস আসন সমঝোতা হলেও পাঞ্জাবে তারা মুখোমুখিই প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবার দিল্লিতেও সেই ছবি দেখা যাবে।