
ফাইল ছবি
শেষ আপডেট: 1 November 2024 19:31
দ্য ওয়াল ব্যুরো: বিমানে বোমা রয়েছে বলে একাধিকবার হুমকি বার্তা পাঠানোর অভিযোগ! এবার নাগপুর থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। সূত্রের খবর, কমপক্ষে ৩০ বার বিভিন্ন বিমান সংস্থা ও দেশের একাধিক বিমানবন্দরে হুমকি ইমেল পাঠিয়েছিল সে। বৃহস্পতিবার ৩৫ বছর বয়সি ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম শ্রীরাম উইকি। গত ২৫ থেকে ৩০ অক্টোবর লাগাতার প্লেনে বোমা আছে বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে নাগপুরের বাসিন্দার বিরুদ্ধে।
শুধুমাত্র বিমান সংস্থা বা বিমানবন্দরেই নয়, উইকি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ-সহ একাধিক রাজনৈতিক নেতাকেও হুমকি বার্তা পাঠিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।
জানা গিয়েছে, বিগত দু'সপ্তাহে ৫০০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়। যাতে বিমান সংস্থাগুলির অনেক টাকা লোকসান হয়েছে। পাশাপাশি পরিচালনা ও যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা জানিয়েছেন, আর্থিক প্রতারণার জন্য এমন পরিকল্পনা করা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি হুমকি দেওয়া হয়েছে। তদন্তে নেমে মহারাষ্ট্র পুলিশ জানতে পারে গত ২১ অক্টোবর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল-সহ সরকারের একাধিক মন্ত্রী ও কর্মকর্তাদের হুমকি ইমেল পাঠায়। তবে এখানেই শেষ নয়, তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের তথ্য দেওয়ার জন্য ফড়নবিশের সঙ্গে দেখা করার দাবিও জানিয়েছিল অভিযুক্ত।
হুমকি ইমেলগুলিতে, উইকি জানিয়েছিল জঙ্গিরা ছ’টি বিমানবন্দরকে টার্গেট করেছে। কমপক্ষে ৩১টি ফ্লাইট হাইজ্যাক করা হবে। নাগপুর পুলিশের ডিসিপি লোহিত মাতানি জানান, বৃহস্পতিবার গভীর রাতে নাগপুর শহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
অপরাধ রুখতে কড়া আইনের হুঁশিয়ারি দেওয়া হলেও লাভ হচ্ছে না। সোশাল মিডিয়া সাইটগুলিকেও ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। তবুও কিছুতেই থামানো যাচ্ছে না বিমানে হুমকি বার্তা পাঠানো। মঙ্গলবারও দেশের বিভিন্ন প্রান্তে আরও প্রায় শতাধিক বিমানে বোমা রাখা হয়েছে বলে হুমকি বার্তা এসেছে।
অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নায়ডু আগেই জানিয়েছেন, বোমাতঙ্ক ছড়ানোর চক্রান্তকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবার হুমকি বার্তা পাঠানোর কারণে গ্রেফতার করা হল একজনকে।