দ্য ওয়াল ব্যুরো: সরকারি চাকরির নেশায় বুঁদ স্বামী। দিনের শুরু থেকে শেষ, শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতিতেই কেটে যায়। দু’টো কথা বলারও সময় নেই। রাগে ডিভোর্সের মামলা ঠুকে দিলেন নব বিবাহিতা স্ত্রী।
ঘটনা মধ্যপ্রদেশের। মহিলার অভিযোগ, বিয়ের পর থেকেই খুব একটা তাঁর কাছ ঘেঁষেননি স্বামী। সারাদিন পড়াশোনা নিয়েই ব্যস্ত। কেন্দ্র ও রাজ্য সরকারের যত রকমের পরীক্ষা রয়েছে, তার সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁর স্বামী। প্রতি মাসেই কোনও না কোনও পরীক্ষা। অতএব, তাঁর সঙ্গে কথা বলার খুব একটা সময় নেই তাঁর স্বামীর। তাই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
মহিলার অভিযোগ আরও। শুধু অবহেলা নয়, এই বিয়েটাও নাকি জোর করেই করেছিলেন তাঁর স্বামী। তাই হয়তো রাতদিন এই পড়াশোনার বাহানা। স্বামী-স্ত্রীয়ের এই কাজিয়া ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দু’জনের সম্পর্কের বীজ বুনতে হাজির হয়েছেন কাউন্সিলর নূরান্নিসা খান। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি (DLSA)-র সাহায্য নিয়ে দু’জনের কাইন্সেলিং শুরু করেছেন তিনি।
নূরান্নিসার কথায়, ওই মহিলার স্বামীর পিএইচডি ডিগ্রি রয়েছে। তবুও সরকারি চাকরির জন্য তিনি মরিয়া। কাউন্সেলিংয়ের প্রথম দু’টি পর্যায়ে চাকরি ও পড়াশোনা সংক্রান্ত কথাবার্তা ছাড়া তিনি আর কোনও ব্যাপারে মুখই খুলতে চাননি। স্ত্রীর প্রতিও কোনও দায়বদ্ধতা নেই। কোনও কারণে মানসিক ভাবেও বিপর্যস্ত তিনি। মহিলা আপাতত স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন। তাঁকে ডিভোর্সের মামলা তুলে নিতে বলা হয়েছে।
কাউন্সিলরের কথায়, ‘‘ওই মহিলা ও তাঁর স্বামী দু’জনকেই মেডিটেশন করতে বলেছি। আরও কয়েকটা সিটিং বাকি। আশা করছি ওঁদের ভুল বোঝাবুঝি দূর করতে পারব।’’