
শেষ আপডেট: 6 August 2023 06:17
দ্য ওয়াল ব্যুরো: বিধবা মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার নেই। স্বামী গত হয়েছেন, এমন মহিলারা যদি মন্দিরে প্রবেশ করেন তাহলে নাকি পবিত্র ধর্মীয় স্থান অপবিত্র হয়ে পড়বে। শনিবার এই প্রচলিত ধারণার বিরুদ্ধে গিয়ে একটি মামলার রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিধবা বলে কোন মহিলাকে মন্দিরে ঢোকা থেকে আটকানো যাবে না (widows can enter temple)।
আদালত (Madras high court) আরও জানিয়েছে, যে কোনও মহিলার নিজস্ব সত্তা, পরিচয় রয়েছে। সম্প্রতি থাঙ্কমণি নামে এক মহিলা ইরোড জেলার পেরিয়াকারুপরায়ণ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে তাঁর এবং তাঁর সন্তানের জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানিতেই বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ নিজের পর্যবেক্ষণ জানিয়ে এই রায় দিয়েছেন।
'এগুলো হল নিজেদের সুবিধের জন্য পুরুষদের তৈরি করে দেওয়া নিয়ম এবং ধর্মমত, যাতে শুধুমাত্র স্বামীকে হারিয়েছেন বলে মহিলাদের ছোট করা হয়,' জানিয়েছেন তিনি।
পেরিয়াকারুপরায়ণ মন্দিরে আগামী ৯ এবং ১০ অগস্ট বিশেষ উৎসব অনুষ্ঠিত হবে। তাতেই অংশগ্রহণ করতে চেয়েছিলেন অভিযোগকারিণী। তাঁর স্বামী ছিলেন মন্দিরের একজন পুরোহিত, যিনি প্রয়াত হয়েছেন। তামিল 'আদি' মাস চলাকালীন ওই দু'দিন মন্দিরে উৎসব পালনের কথা ভেবেছিল মন্দির কমিটি, যাতে অংশগ্রহণ করতে চেয়েছিলেন থাঙ্কমণি এবং তাঁর ছেলে। কিন্তু আইয়াভু এবং মুরলী নামে দুই ব্যক্তি মহিলাকে ভয় দেখায় এবং বলে, যেহেতু তিনি বিধবা তাই মন্দিরে প্রবেশাধিকার নেই তাঁর।
এরপরেই মন্দির কর্তৃপক্ষের একজন প্রতিনিধি হিসেবে পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে কোনও সদুত্তর না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।
সেই মামলার শুনানিতে বিচারপতি জানিয়েছেন, যে কোনও মহিলার নিজস্ব সত্তা এবং পরিচিতি রয়েছে, যা তাঁর বৈবাহিক পরিচিতির উপর ভিত্তি করে খর্ব করা যায় না। তাই অভিযোগকারিণী এবং তাঁর ছেলেকে মন্দিরে ঢুকতে দেওয়া থেকে আটকানোর কোনও অধিকার নেই মুরলী এবং আইয়াভুর।
আদালত শিরুভালুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে বিষয়টি মুরলী এবং আইয়াভুরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত আরও জানিয়েছে, মন্দিরে উৎসব চলাকালীন অভিযোগকারিণী এবং তাঁর ছেলে যাতে সেখানে অংশ নিতে পারেন তা নিশ্চিত করতে হবে পুলিশকেই। যদি দুই অভিযুক্ত কোনও সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে পুলিশকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
ছো্ট্ট সৌরনীলের মৃত্যু বদলে দিল বেহালার রাস্তার ছবি, দেখুন ভিডিও