
শেষ আপডেট: 10 July 2023 10:25
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড (Uttarakhand Flood)। গ্রামীণ এলাকা তো বটেই, শহরগুলিও ভেসে যাচ্ছে জলের তোড়ে। দেরাদুনে একটি বাস এমনই আটকে পড়েছে, প্রাণ বাঁচাতে জানলা দিয়ে নামছেন যাত্রীরা।
জানা গেছে, তেহরি গাড়োয়াল জেলায় গঙ্গা নদীতে ভূমিধসের কারণে একটি গাড়ি পড়ে যাওয়ায় ইতিমধ্যেই তিন জন প্রাণ হারিয়েছেন। আর, তিন জন নিখোঁজ। গাড়িটিতে চালক-সহ ১১ জন ছিলেন। পুলিশ পাঁচ জনকে উদ্ধার করে ঋষিকেশের একটি সরকারি হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার সময় ওই সব লোকজন কেদারনাথ থেকে ঋষিকেশে যাচ্ছিলেন।
এই পরিস্থিতিতে দুর্যোগ ক্রমেই বাড়ছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জনগণকে দরকার ছাড়া বাড়ি থেকে না বেরোতে অনুরোধ করেছেন। উত্তরাখণ্ডে আসা তীর্থযাত্রীদেরও যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য আবহাওয়ার দিকে নজর রাখতে বলেছেন। সঠিক তথ্য পাওয়ার পরেই যেন তীর্থযাত্রার পরিকল্পনা করা হয়। পরিস্থিতির উপর নজর রাখতে কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন।
এসবের মধ্যেই ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি নেমেছে উত্তরাখণ্ডে। হড়পা বান দেখা দিয়েছে পিথোরাগড়ে। স্থানীয় একটি ব্রিজ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। হড়পা বানে আটকে পড়েছেন প্রায় ২০০ জন।
হিমাচলে ভয়াবহ অবস্থা, ১৩টি হড়পা বানে মৃত ৯, প্রবল ভূমিধসে সাতটি জেলায় জারি লাল সতর্কতা