
শেষ আপডেট: 8 January 2024 20:56
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মন্দির থেকে চুরি গেল বহুমূল্যবান দুটো পাথরের বিষ্ণুমূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রামে। এই দুই বিষ্ণুমূর্তির ঐতিহাসিক মূল্য রয়েছে। দুটি পাল যুগের মূর্তি বলে জানা গেছে।
২০২২ সালের এপ্রিল মাসে অজয় নদী থেকে তিনটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়। ইতিহাসবিদদের দাবি ছিল, সেগুলি পাল যুগের। এলাকার মন্দিরে রাখা হয়েছিল মূর্তিগুলি। মূর্তিগুলির পুজোও শুরু করেন গ্রামের মানুষ। পরবর্তীতে পুলিশ সেগুলি নিয়ে যেতে এলে তাদের বাধার সম্মুখীন হতে হয়। পরে একটি মূর্তি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। বাকি দুটি মূর্তি মন্দিরে রেখে প্রতিষ্ঠিত বিষ্ণুমূর্তির সঙ্গে পুজো করা হত।
গ্রামবাসীরা জানিয়েছেন, সোমবার সকালে তাঁরা মন্দিরে গিয়ে দেখেন, দুটি বিষ্ণুমূর্তি উধাও। প্রতিষ্ঠিত মূর্তিটি তোলার চেষ্টা করা হয়েছিল। গ্রামবাসীদের বলছেন, এই দুই মূর্তির ঐতিহাসিক মূল্য রয়েছে বলে পুলিশ তাঁদের দিতে চাইনি। কিন্তু প্রশাসকে আশ্বাস দিয়েই এই দুটো মূর্তি সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েছিলেন তাঁরা। চুরির খবর পেয়ে তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।