
শেষ আপডেট: 27 March 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো: উলটপুরাণ বললেও কম বলা হয়!
পশ্চিমবঙ্গের পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এমন আবহে বিজেপি শাসিত রাজ্যে ভোট পরিচালনার দায়িত্বে বাংলার পুলিশকে ব্যবহার করার সিদ্ধান্ত নিল কমিশন।
মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ে ভোট পরিচালনার কাজে বাংলা থেকে ১৫ কোম্পানি ফোর্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সূত্রের খবর, বুধবার দুপুরেই রাজ্যের ওই ১৫ কোম্পানি ফোর্স বিশেষ ট্রেনে চেপে গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেবেন।
কমিশন সূত্রে জানা গেছে, দুর্গাপুর সশস্ত্র পুলিশ বাহিনী থেকে ৫ কোম্পানি ফোর্স পাঠানো হচ্ছে মধ্যপ্রদেশে। আগামী ৮ এপ্রিল থেকে সে রাজ্যে লোকসভা নির্বাচনের কাজ করা শুরু করে দেবে তাঁরা।
অন্যদিকে, রাজ্য থেকে ১০ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে ছত্তীসগড়ে। এই ১০ কোম্পানি বাহিনীর মধ্যে ব্যারাকপুর সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে ৫ কোম্পানি, উত্তরবঙ্গ সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে ২ কোম্পানি, এএফআর ব্রিগেড থেকে ১ কোম্পানি এবং কলকাতা পুলিশ থেকে ২ কোম্পানি ফোর্স পাঠানো হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে সংশ্লিষ্টস্থানে ১০ কোম্পানি বাহিনী কাজ শুরু করে দেবে।
কমিশন সূত্রের খবর, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ের ভোটের কাজে যাওয়া বাংলা পুলিশ ফোর্সের প্রত্যেক অফিসারকে সঙ্গে ৯ এমএম পিস্তল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে কনস্টেবলদের বলা হয়েছে সর্বক্ষণ এসআলআর বা ইনসাস সঙ্গে রাখতে।