শুভেন্দুর হুঁশিয়ারি, এসআইআর হলে বাংলায় তৃণমূল কংগ্রেস বলে কোনও দলের অস্তিত্বই থাকবে না। সিপিএম-এর প্রসঙ্গে তুলে তিনি এও বলেন, লাল পার্টি তাও কোনও রকমে টিকে আছে, কিন্তু তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 17 October 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সরকার (TMC) বাংলাকে (West Bengal) শেষ করে দিয়েছে। চাকরি নেই, শিল্প নেই, আলুর দাম নেই, নারী নিরাপত্তা নেই। খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলছেন, মেয়েরা মেয়েদের নিরাপত্তা বুঝে নিক। এরপরও বলবেন, বাংলা নিজের মেয়েকে চায় - রাজ্যবাসীর উদ্দেশে বড় প্রশ্ন ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
জল্পনা, নভেম্বরের শুরুতেই বাংলায় হতে পারে এসআইআর (SIR)। কিন্তু তৃণমূল সরকার এর ঘোর বিরোধী। কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্ট আওয়াজ তুলেছেন - নো এসআইআর (SIR), নো ভোট। তাঁর পরিষ্কার বক্তব্য, তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট শতাংশ এবং ভোটের সংখ্যার যে গ্যাপ রয়েছে, এসআইআর হলে সেটা থাকবে না। কারণ তৃণমূলের হয়ে ভোট দেওয়া সব ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। কোনও বাংলাদেশি মুসলমানদের (Bangladeshi Muslim) নাম ভোটার তালিকায় থাকবে না।
শুভেন্দুর হুঁশিয়ারি, এসআইআর হলে বাংলায় তৃণমূল কংগ্রেস বলে কোনও দলের অস্তিত্বই থাকবে না। সিপিএম-এর (CPM) প্রসঙ্গে তুলে তিনি এও বলেন, লাল পার্টি তাও কোনও রকমে টিকে আছে, কিন্তু তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতেই বাংলার মানুষের কাছে কিছু জিনিসের উদাহরণ রেখেছেন বিরোধী দলনেতা। উল্লেখ করেছেন, আরজি কর, দুর্গাপুরের ঘটনার কথা।
বিজেপি বিধায়কের কথায়, রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে বর্তমান সরকারের আমলে। ধর্ষণের ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী বলেন - মেয়েদের রাতে বেরনো উচিত নয়! মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দুর কটাক্ষ, ''আপনি মেয়েদের বলছেন নিজেদের সুরক্ষা বুঝে নিতে। লকডাউনের মতো সব বন্ধ করে দিন।'' এরপরই ২৬-এর ভোট প্রসঙ্গে কার্যত ভবিষ্যদ্বাণী করেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, ২ কোটি ৪০ লক্ষ ভোটারকে প্রাথমিকভাবে লিঙ্ক করা যায়নি। এরা বাংলাদেশের ভোটার যাদের নাম ভোটার তালিকায় থাকবে না। পাশাপাশি ভারতীয় মুসলিমদের তাঁর আশ্বাসবার্তা, ২০০২ সালে যাদের নাম ছিল, ২০২৫ সালে তাদের নাম পাওয়া গেছে। শুভেন্দুর মতে, এই মুহূর্তে রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী ঝড় বইছে। দুর্গা যেভাবে অসুর নিধন করেছিলেন, বাংলার মানুষকেও সেভাবে তৃণমূলকে বিসর্জন দিতে হবে।
এসআইআর নিয়ে তৃণমূলের বিরোধিতার পাল্টা শুভেন্দুর হুঁশিয়ারি, ভোটার তালিকা তৈরি না হলে ভোট হবে না। আর ভোট না হলে বিধায়ক নির্বাচনও করা যাবে না, সেটা হলে ২০২৬ সালে রাষ্ট্রপতি শাসন জারি হবে বাংলায়। ৫ মে থেকেই তা কার্যকর হতে পারে বলে দাবি বিজেপি নেতার।