
শেষ আপডেট: 17 September 2023 16:48
দ্য ওয়াল ব্যুরো: মোট ১০০ ওভারের ম্যাচ শেষ ২২ ওভারের মধ্যেই। বিশ্ব ক্রিকেটে রবিবারের এশিয়া কাপ ফাইনালের (Asia Cup Final) স্কোরবোর্ড ক্রিকেট জাদুঘরে স্থান করে নিয়েছে। শ্রীলঙ্কা খেলতে পেরেছে ১৫ ওভার, আর ভারতীয় দল জয়ের রান তুলে দিয়েছে সাত ওভারের মধ্যেই।
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) গর্বে বুক ফুলে গিয়েছে। পাঁচ বছর আগে ২০১৮ সালের এশিয়া কাপে তাঁর নেতৃত্বেই ভারত চ্যাম্পিয়ন হয়। ফের রোহিতের হাত ধরেই ইতিহাস। তাও এদিন তিনি শুভমন গিলের সঙ্গে ওপেন করতে পাঠিয়ে দেন দলের তারকা ঈশানকে। এটিও দলনেতা হিসেবে বিশেষ এক মানবিক দিক তুলে ধরেছেন রোহিত।
ভারত এত সহজে খেতাব পাবে, ভাবতেই পারেননি রোহিত (Rohit Sharma)। তিনি খেলা শেষে বলেছেন, সিরাজ যেভাবে ওর বোলিংয়ে উন্নতি করেছে, সেটি আমি নিজের চোখে দেখেছি। সত্যিই স্বপ্নের বোলিং করেছে। শুধু সিরাজ নয়, পাশাপাশি হার্দিক, বুমরা সবাই নিজেদের ছাপিয়ে গিয়েছে। দলের অধিনায়ক হিসেবে এরকম একটি ম্যাচ মাঠে দাঁড়িয়ে দেখাটাও গর্বের।
রোহিত আরও জানিয়েছেন, আমি স্লিপে দাঁড়িয়ে দেখছিলাম সিরাজের এই দুরন্ত বোলিং। হাওয়ায় বল সুইং করাচ্ছিল, এটা বেশি দেখা যায় না। তবে বিশ্বকাপে এই ছন্দ আমাদের সকলকে বজায় রাখতে হবে। কারণ ঘরের মাঠে খেলা। সবকিছুই আমাদের অনুকূলে থাকবে, সেই পরিস্থিতিকে আমাদের কাজে লাগাতে হবে।
এদিকে, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় দশ উইকেটে জিতেও খুশি নন। তিনি বলেন, আমাদের দলের দুই তারকা শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের চোট রয়েছে। বিশ্বকাপের আর ১৮ দিন বাকি রয়েছে, তার মধ্যে ওদের ফিট হতে হবে।
সিরাজ জিতলেন গ্যালারিরও হৃদয়, পুরস্কার অর্থ তুলে দিলেন মাঠকর্মীদের হাতে