
শেষ আপডেট: 3 January 2024 20:08
দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারের পর কেটে গিয়েছে দেড় বছর। একাধিকবার জামিনের আবেদন করেও খারিজ হয়ে গিয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েও জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। আর এবার আদালতে নতুন আবদার নিয়ে হাজির হলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী। বাড়ি বসেই চিকিৎসা করার আর্জি জানালেন তিনি।
বুধবারও আদালতে জামিনের জন্য আর্জি জানান পার্থর আইনজীবী। বলেন, জেল বন্দি দশায় পার্থর ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না তাই এবার বাড়ি বসেই চিকিৎসা করাতে চান পার্থ চট্টোপাধ্যায়।
বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছিল। সেই সময় পার্থর আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল গ্রেফতারির আগে থেকেই কিডনির সমস্যা থেকে শুরু করে একাধিক জটিল রোগে আক্রান্ত। মেডিক্যাল বোর্ডের পরামর্শ ছিল নিয়মিত রক্তপরীক্ষা করার। কিন্তু গত ৯ মাসে রক্তপরীক্ষা হয়নি। জেলে সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না। তাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি করেন তিনি।
এহেন শারীরির পরিস্থিতির কারণে পার্থর আইনজীবী দাবি করেন, যে কোনও শর্তে যদি জামিন মঞ্জুর করা হয়, তাহলে তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারেন। পাল্টা অবশ্য এই আবেদনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির অন্যতম কিংপিন বলে সন্দেহ করছেন তাঁরা। যত দিন যাচ্ছে সিবিআই-এর হাতে আরও নতুন নতুন তথ্য উঠে আসছে বলে দাবি সিবিআই-এর। তাই কোনওভাবেই যাতে পার্থর জামিন না হয়, সেই দাবি জানান সিবিআই-এর আইনজীবী।
দুপক্ষের সওয়াল জবাবের পর শেষ পর্যন্ত পার্থর বাড়িতে বসে চিকিৎসার আবেদনেও সাড়া দেয়নি আদালত। জামিনের আর্জি খারিজ হয়ে যায়। একইসঙ্গে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত পার্থকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।