
শেষ আপডেট: 17 June 2022 13:54
দ্য ওয়াল ব্যুরো: মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য (Prophet Debate) করে মহা বিপাকে বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma)। একদিকে তাঁর মন্তব্যের জন্য একাধিক দেশ ভারতের পণ্য বয়কটের পথে হেঁটেছে। দেশের অভ্যন্তরেও সংখ্যালঘুদের ব্যাপক বিক্ষোভ চলেছে। নূপুরের বিরুদ্ধে একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছে। সেই সূত্র ধরেই মুম্বই পুলিশ তাঁকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু যাননি নূপুর। শেষমেশ মুম্বই পুলিশের একটি টিম পৌঁছেছে দিল্লিতে। কিন্তু এই বিজেপি নেত্রীকে পাওয়া যাচ্ছে না (Not Found)।
জানা যাচ্ছে, মুম্বই পুলিশের একটি টিম গত ৫ দিন ধরে দিল্লিতে কার্যত তাঁবু টাঙিয়ে বসে রয়েছে। কিন্তু তারা নূপুরকে ছুঁতে পারেনি। এমনকি নূপুর কোথায় সে ব্যাপারেও এই পাঁচ দিনে ভাল ভাবে কিছু জানা যায়নি বলে খবর।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, মুম্বই পুলিশের কাছে নূপুরের বিরুদ্ধে যা প্রমাণ আছে তাতে তাঁকে গ্রেফতার করতে পারে। অনেকের মতে, সে কারণ হয়তো আত্মগোপন করে রয়েছেন।
ঘরে-বাইরে তীব্র বিতর্কে নূপুর এবং আরএক জাতীয় মুখপাত্র নবীন জিন্দালকে পার্টি থেকে সাসপেন্ড করেছে বিজেপি। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। গত সপ্তাহে বাংলাতেও নূপুরের মন্তব্য নিয়ে বিক্ষোভ কার্যত তাণ্ডবের জায়গায় পৌঁছে গিয়েছিল। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা, ট্রেন অবরোধ, বাস ভাঙচুর, পুলিশের গাড়িতে হামলা—কী হয়নি! পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে সমগ্র হাওড়া জেলা ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল প্রশাসনকে। তা ছাড়া কলকাতার নারকেল বাগান থানা এবং কাঁথি থানাতেও নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
কিন্তু তাঁকে নাকি পাওয়াই যাচ্ছে না!
চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত- ১৯৯০ থেকে ২০২২, ৩২ বছর কাটল, বিক্ষোভের আগুন জ্বলছেই