
শেষ আপডেট: 13 March 2023 07:05
দ্য ওয়াল ব্যুরো: একজন মহিলা এবং তাঁর চার বছরের সন্তানকে পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গের (West Bengal) দক্ষিণ ২৪ পরগনা থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করে। শনিবার এই ঘটনার সূত্র ধরে সিআইডি অভিযুক্তদের হেফাজতে নেয়। জানা গেছে, মোটা অর্থের বিনিময়ে অভিযুক্ত দুজনের মধ্যে একজন ওই মহিলাকে দিল্লিতে অন্য এক পাচারকারীর কাছে বিক্রি (sex trafficking) করে দেয়।
শামসুল এসকে এলিয়াস সাদ্দাম নামে এই ব্যক্তি ফোন করে বন্ধুত্ব পাতান ওই মহিলার সঙ্গে। এমনকি তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতিও দেয় সাদ্দাম। কিছু মাস ধরে কথা বলার পর যখন অভিযুক্ত বুঝতে পারে সে মহিলার আস্থাভাজন হয়ে উঠেছে তখনই সাদ্দাম কাজ জোগাড় করে দেওয়ার লোভ দেখিয়ে তাঁকে বাড়ির বাইরে বের করে।
পুলিশ সূত্রে খবর, চাকরি দেওয়ার নাম করে দিল্লিতে দেহব্যবসা করার জন্য বিক্রি করে দেওয়া হয় সন্তানসহ ওই মহিলাকে। পুলিশ জানায়, ওই মহিলা তাঁরই এক গ্রাহকের ফোন থেকে তাঁর বাবাকে ফোন করে সব বলে। পরে মহিলাটির বাবা মগরাহাট পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করে প্রথমেই ওই মহিলাটির ফোন কল ট্রেস করে। কোথা থেকে ফোন করা হয়েছিল সেটা জানতে পেরে দিল্লি পুলিশের সাহায্যে নির্যাতিতাকে একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। কিন্তু তখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গেছে।
পরে রাজ্য সিআইডি এই কেসটি নিজেদের হাতে তুলে নেয়। নারী পাচারকারী সাদ্দামকে গ্রেফতার করার জন্য তৎপর হয়ে ওঠে পুলিশ। ওই নির্যাতিতার বয়ান এবং প্রযুক্তির সহায়তায় সাদ্দামকে খুঁজে পাওয়া যায়। সাদ্দাম এবং আবদুল্লা মণ্ডল নামে আর এক অভিযুক্তকে পুলিশ দক্ষিণ ২৪ পরগনার কুলতালি এলাকা থেকে গ্রেফতার করে। এক সিআইডি আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, তাঁরা বিষয়টির সবদিক খতিয়ে দেখছেন।
অস্কার মঞ্চে পুরস্কার না পেলেও বহুমূল্য উপহার পান তারকারা! এ বছরের ঝুলিতে কী কী রয়েছে