
শেষ আপডেট: 25 May 2023 14:55
দ্য ওয়াল ব্যুরো: ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি (UPSC Civil Service Exam 2023)পরীক্ষার জন্য তোড়জোড় শুরু হয়ে গেল রাজ্যে। আগামী রবিবার, ২৮ মে রয়েছে এই পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেইজন্য আগেভাগেই জেলা প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিল নবান্ন (Nabanna)। পরীক্ষার জন্য জেলাভিত্তিক বিশেষ দল তৈরি করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার নবান্নের তরফে জেলা প্রশাসনকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্তত ১৫ জনের একটি দল তৈরি করতে হবে। সেই দলে থাকবেন আইএএস, আইপিএস, ডব্লিউবিপিএস অফিসাররা।
ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার দিন এই দল সংশ্লিষ্ট জেলার পরীক্ষাকেন্দ্রে যাবে। সেখানে পরীক্ষার্থীদের সাহায্য করবে তারা। পরীক্ষা সংক্রান্ত কোনওরকম অসুবিধা হলে সেই দলের প্রতিনিধিদের কাছে নিজের সমস্যার কথা জানাতে পারবেন পরীক্ষার্থীরা।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোথায় কোথায় পরীক্ষাকেন্দ্র পড়েছে, তার তালিকা পাঠিয়ে দেওয়া হবে। আগামী শনিবার অর্থাৎ ২৭ মে র মধ্যে নবান্নকে ওই প্রতিনিধি দলের তালিকা দিতে হবে।