
শেষ আপডেট: 17 May 2023 15:05
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: পোস্তা, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার স্মৃতি আজও ভোলেননি বাংলার মানুষ। ভাঙা ব্রিজের নীচে আটকে পড়ে প্রাণ গেছে অনেকের। বুধবার সেই স্মৃতিই উস্কে দিল তমলুকের ঘটনা। মেরামতির সময়েই ভেঙে পড়ে তমলুক পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে একটি ব্রিজ (Tamluk bridge collapsed)। সেই ভাঙা ব্রিজের তলায় চাপা পড়ে দু'জন শ্রমিক। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও এই প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে আটটা পর্যন্ত আটকে আছে আরও একজন। চলছে উদ্ধারকাজ।
তমলুকের (Tamluk) এই ব্রিজের বয়স ৫০ বছর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজের অবস্থা ছিল ভগ্নপ্রায়। স্থানীয়রা, বারবার এই ব্রিজ মেরামতির দাবি জানিয়ে আসছিলেন। সেইমতো শুরু হয় মেরামতির কাজ। বুধবার মেরামতি চলার সময়ই আচমকা ভেঙে পড়ে সেতুটির একাংশ। সেইসময় নীচে কাজ করছিলেন দু'জন শ্রমিক। সেতুর ভাঙা অংশে চাপা পড়ে যান তাঁরা।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী। উদ্ধারকারী দল এসে শুরু করে উদ্ধার কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর একজন শ্রমিককে ওই ভাঙা ব্রিজের স্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অনেকে। দীপেন্দ্র নারায়ণ জানান, একজনকে উদ্ধার করা গেলেও আটকে রয়েছেন এখনও একজন শ্রমিক। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘ দিন ধরেই জীর্ণ অবস্থায় পড়েছিল। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করা হয়েছে যে, সেতুটি যে কোনও দিন ভেঙে পড়তে পারে। দিন পাঁচ-ছয়েক আগে সেতু সংস্কারের কাজ শুরু হয়। বুধবার দুপুর ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।