দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : মাথায় গুলি করে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোয়ালপোখর থানার মজলিসপুরে। মৃত ওই যুবকের নাম এরাহার আদি (২৫)। গোয়ালপোখর থানার পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাজেদা খাতুনের ছেলে এরাহার। তাঁর পরিবার সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে যান তিনি। আচমকাই ঘর থেকে গুলির আওয়াজ পেয়ে ছুটে যান সবাই। ঘরে ঢুকে দেখেন নিজের মাথায় গুলি করে এরাহার আত্মহত্যা করেছেন। সম্প্রতি তাঁর বিয়ে ঠিক হয়েছিল বলেও জানিয়েছেন তাঁরা।
কেন তিনি আত্মহত্যা করলেন সেটা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। পাশাপাশি কোথা থেকে তাঁর কাছে ওই আগ্নেয়াস্ত্র এল সেটা নিয়েও ধন্দে তাঁরা। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।