দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হওয়া এক বৃদ্ধের মৃত্যু হল দুর্গাপুরের মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালে। কোভিড-১৯ এর চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে ওই হাসপাতালটিকে। তবে করোনা আক্রান্ত হয়েই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে, কিনা তা স্পষ্ট করেনি স্বাস্থ্য দফতর। এই ঘটনার পরেই দুর্গাপুরের যে হাসপাতাল থেকে তাঁকে এখানে আনা হয়েছিল, সেই হাসপাতালের ২৭ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, মঙ্গলবার দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৭১ বছরের ওই বৃদ্ধকে। জ্বর-সর্দি-শ্বাসকষ্টের মতো করোনার বেশ কিছু উপসর্গ ছিল তাঁর। ভর্তির পরেই দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতাল থেকে তাঁর লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট পজিটিভ আসায় বৃহস্পতিবার সন্ধেবেলা দুর্গাপুরের মলানদিঘিতে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখানেই গভীর রাতে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
জানা গেছে, আসানসোলের রেলপাড়ের বাসিন্দা ওই বৃদ্ধ পেশায় ছিলেন হাতুড়ে চিকিৎসক। সম্প্রতি দিল্লির নিজামুদ্দিন ফেরত তাবলিঘ-ই-জামাতদের কয়েকজনের চিকিৎসা করেছিলেন তিনি। তারপরেই জ্বর ও সর্দি কাশির উপসর্গ দেখা দেয় ৭১ বছরের ওই বৃদ্ধের শরীরে।