দ্য ওয়াল ব্যুরো: পুলিশি তৎপরতায় বানচাল বড় ডাকাতির পরিকল্পনা! বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার রাসখোলা মাঠ এলাকার এই ঘটনায় কত বড় বিপদ হতে পারত, তা ভাবলে এখনও শিউরে উঠছেন এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, আজ বুধবার ভোররাতে তিন জন সশস্ত্র দুষ্কৃতী এলাকায় এসেছিল। গোপন সূত্রে আগাম খবর পায় পুলিশ। অতর্কিত তল্লাশি অভিযান করে তিন জনকেই অস্ত্রসহ গ্রেফতার করা হয় সকালেই। জানা গেছে, তাদের মধ্যে দু'জনের বাড়ি মিনাখাঁ থানা এলাকায়, বাকি এক জনের শাসন থানা এলাকায়।
সূত্রের খবর, ওই তিন দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি রিভলভার, লোহার রড, গ্যাস কাটার, স্ক্রু-ড্রাইভার-সহ আরও নানা আগ্নেয়াস্ত্র। এই তিন জনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানা এলাকায় সমাজ বিরোধী কাজ, ডাকাতি, রাহাজানি, ছিনতাই-- এসবের অভিযোগ আগে থেকেই ছিল পুলিশের খাতায়। দীর্ঘদিন ধরেই পুলিশে খুঁজছিল এদের।
শেষমেশ আজ পুলিশের জালে ধরা পড়ল আব্দুর রহিম মোল্লা, মহম্মদ সেলিম বক্স খান, প্রসেনজিৎ ঘোষ। তাও আবার বড় ডাকাতির আগে। আজই বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় তাদের। এখন পুলিশি হেফাজতে রয়েছে তারা।