দ্য ওয়াল ব্যুরো: মকর উৎসব উদযাপনের প্রস্তুতি চলছিল দুর্গামন্দিরের চাতালে। আর সেখানেই বেঁধে গেল তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমানের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের কোনদার ওই ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের তিন কর্মী। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের লোকজন গিয়ে তাদের এক কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী
স্থানীয়রা জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর উৎসবের আয়োজন হয় এলাকায়। মঙ্গলবার সন্ধে থেকেই স্থানীয় দুর্গা মন্দিরে সেই প্রস্তুতি চলছিল। সেই সময়েই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত বাবু মাহাতো, নয়ন ঘোষ ও অর্জুন ঘোষ বাইরে থেকে লোকজন নিয়ে এসে হামলা চালায় বলে তৃণমূলের দাবি ।
আহত তৃণমূল কর্মীরা হলেন সুকুমার ঘোষ, শ্যামল ঘোষ ও বুধণ ঘোষ। শাসকদলের অভিযোগ, সুকুমার ঘোষের মাথায় ভোজালির কোপ মারা হয়েছে।
ওই ঘটনার পর তৃণমূল সমর্থকরা বিজেপি কর্মী বাবু মাহাতোর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। সেই সময়ে বাবু বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী অঙ্কিতা মাহাতো বলেন, “একটি অরাজনৈতিক ঘটনাকে রাজনীতির রং দিচ্ছে তৃণমূল । আমার স্বামী লোকসভা ভোটে বিজেপির পোলিং এজেন্ট থাকলেও বর্তমানে কোনো দল করেনা। ব্যক্তিগত আক্রশেই তার স্বামীকে ফাঁসানো হচ্ছে।”