দ্য ওয়াল ব্যুরো: দিনরাত এক করে যাঁরা করোনাভাইরাসের মোকাবিলায় লড়াই করছেন, কাটোয়া মহকুমা হাসপাতালের সেই নার্সদের খাবারের দায়িত্ব নিল স্থানীয় ডিভিনিটি নামে একটি সংস্থা।
রোগীদের সেবা করতে গিয়ে নিজেদের খাবার জোগাড় করতে পারছিলেন না কাটোয়া মহকুমা হাসপাতালের নার্সরা। তাই মুড়ি-চিঁড়ে-বিস্কুটের মতো খাবার খেয়েই তাঁদের কাটাতে হচ্ছিল কয়েক দিন ধরে। লকডাউনের জেরে সমস্ত হোটেল বন্ধ থাকার ফলেও তাঁরা বিপাকে পড়েছেন। বন্ধ রয়েছে হোম ডেলিভারি। সীমিত সময়ের জন্য বাজার ও দোকান খুলছে ঠিকই কিন্তু রোগী সামলানোর কাজে ব্যস্ত থাকায় তাঁরা বাজারে যেতে পারছেন না।
কয়েক দিন আগে কাটোয়া হাসপাতালের সুপার রতন শাসমল নার্সদের খাবারের সমস্যার কথা কাটোয়ার মহকুমা শাসক প্রশান্তরাজ শুক্লাকে জানান। তার পরে দিন কয়েক আগে কাটোয়া ডিভিনিটি নামে একটি সংস্থা কাটোয়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত নার্সদের খাবারের দায়িত্ব নেয়।
এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে কাটোয়া মহকুমার সমস্ত মানুষকে সুস্থ রাখার ও সমস্ত রোগীকে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য দিনরাত এক করে নিজেদের কর্তব্য পালন করেছেন নার্সরা। সেই সমস্ত কর্তব্যরত নার্সদের খাবারের অসুবিধার কথা জানতে পেরে তাঁরা নার্সদের খাবারের দায়িত্ব গ্রহণ করেছেন। সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছেন যে যতদিন এই অচলাবস্থা ঠিক না হয় ততদিন নার্সদের দুপুরের খাবার, রাতের খাবার ও টিফিন তাঁদের সংস্থার পক্ষ থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে রোজ পৌঁছে দেওয়া হবে।
কয়েক দিন আগে কাটোয়া হাসপাতালের সুপার নিজে এই সংস্থার পাঠানো খাবার খেয়ে খাবার নেওয়া শুরু করেন। এর পরে সমস্ত নার্স ওই খবার গ্রহণ করেন।
আজ দুপুরেও ওই সংস্থার দেওয়া খাবারই নার্সরা খেয়েছেন। অন্তত ১৫ এপ্রিল পর্যন্ত এই খাবার দেওয়া চালু থাকবে।