দ্য ওয়াল ব্যুরো: জ্বলছে ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দল-সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জায়গা। চলছে লুঠ। আক্রান্ত সাধারণ মানুষ। বোমা পড়ছে লোকাল ট্রেনে। এই পরিস্থিতিতে যখন বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে গোটা ঘটনার পিছনে অর্জুন সিং, তখন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া এই নেতা গেলেন সুপ্রিম কোর্টে।
বুধবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। এ দিন দ্বিতীয়ার্ধে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই ভাটপাড়া উত্তপ্ত। একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কিন্তু চূড়ান্ত আকার নেয় ভাটপাড়া উপনির্বাচনের আগের রাত থেকে। গত ১৮ তারিখ রাতে ভাটপাড়া পুরসভার কাছে ঘোষ পাড়া মোড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আগুন জ্বলে যায়। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি এবং মোটর সাইকেল। রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। নাকানিচোবানি খেতে হয় দমকলকে। ভোটের দিনও রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। প্রকাশ্য রাস্তায় মুহুর্মুহু বোমা পড়তে থাকে। ভোট মিটে যাওয়ার পর থেকে রাজনৈতিক হিংসা মোড় নেয় অন্য দিকে। তৃণমূলের অভিযোগ, অর্জুনের বাহিনী সব করাচ্ছে। পাল্টা অর্জুন বলেন, হুগলির বিভিন্ন অঞ্চল থেকে ছেলে ঢকাচ্ছে তৃণমূল।
পরপর দু’দিন দীর্ঘক্ষণ ট্রেন অবরোধ হয় কাঁকিনাড়া স্টেশনে। মঙ্গলবার লোকাল ট্রেনে যাত্রীদের লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনাও ঘটে। অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। রাতে ফের অশান্ত হয় ভাটপাড়া। খবর চাউর হয় অর্জুনকে গ্রেফতার করতে পারে পুলিশ। সেই কারণেই এ দিন সুপ্রিম কোর্টে আবেদন করেন অর্জুন।