দশ দিনে দিল্লি থেকে বর্ধমানে সাত মাসের প্রসূতি, চিকিৎসার ব্যবস্থা করল প্রশাসন, পাঠানো হবে ভুবনেশ্বরে
দ্য ওয়াল ব্যুরো: গন্তব্য ওড়িশার ভুবনেশ্বর। কখনও হেঁটে আবার কখনও ট্রাকে চেপে টানা দশ দিন ধরে দিল্লি থেকে বর্ধমানে এসে পৌঁছলেন সাত মাসের এক প্রসূতি। সঙ্গে তাঁর স্বামী। বর্ধমান শহরের লাগোয়া ২ নম্বর জাতীয় সড়কের উপরে আজিরবাগানে আসার পরে আর তাঁর
শেষ আপডেট: 11 May 2020 09:30
দ্য ওয়াল ব্যুরো: গন্তব্য ওড়িশার ভুবনেশ্বর। কখনও হেঁটে আবার কখনও ট্রাকে চেপে টানা দশ দিন ধরে দিল্লি থেকে বর্ধমানে এসে পৌঁছলেন সাত মাসের এক প্রসূতি। সঙ্গে তাঁর স্বামী। বর্ধমান শহরের লাগোয়া ২ নম্বর জাতীয় সড়কের উপরে আজিরবাগানে আসার পরে আর তাঁরা হাঁটতে পারছিলেন না। পথে বসে পড়েছিলেন। স্থানীয় দুই স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় ও প্রশাসনের উদ্যোগে তাঁদের থাকা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।
একান্ত প্রয়োজন বলেই দিল্লি থেকে ভুবনেশ্বরের উদ্দেশে রওনা হয়েছিলেন ইসমাইল শেখ। সঙ্গে সাত মাসের প্রসূতি স্ত্রী সুরমা খাতুন। কখনও তাঁরা হেঁটেছেন। কখনও কোনও গাড়ি থামিয়ে তাতে উঠে পড়েছেন। এই ভাবেই দশ দিন ধরে পথ চলেছেন। অবসন্ন হয়ে অবশেষে হাল ছেড়ে বসে পড়েন জাতীয় সড়কের পাশে। তখন তাঁদের দেখতে পান ‘বর্ধমান ওয়েব’ নামে একটি সংস্থার সদস্য। তাঁরা খবর দেন পুলিশে। খবর পেয়ে ওই দম্পতির পাশে দাঁড়ায় বর্ধমান ফুডিস ক্লাবও।
আজিরবাগানে ওই দম্পতিকে প্রথমে জল খেতে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের খাবারের ব্যবস্থা করে বর্ধমান ফুডিজ ক্লাব। ‘বর্ধমান ওয়েব’ নামে একটি সংস্থা ওই দম্পতিকে শুকনো খাবার, মিষ্টি ও ফল দেয়। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। আইসি পিন্টু সাহা গাড়ি পাঠিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেন ওই প্রসূতিকে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে ওই দম্পতিকে থাকার ব্যবস্থা করে দেন সাধন গড়াই নামে এক গ্যারাজ মালিক। তাঁরা ওই দম্পতিকে দুবেলা খেতে দিচ্ছেন। বর্ধমান ফুডিজ ক্লাব তো আছেই।
বর্ধমান থানার আইসি পিন্টু সাহা বলেন, “এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানোর প্রক্রিয়া আমরা শুরু করেছি। দেখছি কী ভাবে তা করা যায়। প্রসূতির চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি।”
উত্তরবঙ্গের আলিপুরদুয়ারেও পুলিশ পাশে দাঁড়ায় এক প্রসূতির। রবিবার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে ধরে একটি ট্রাকে চেপে বিহার থেকে গুয়াহাটিতে ফিরছিলেন একদল শ্রমিক। সেই ট্রাকে ছিলেন অসমের কোকরাঝাড়ের বাসিন্দা আসন্নপ্রসবা আকলিমা। গয়েরকাঁটার কাছে ট্রাক আসতে প্রসব যন্ত্রণা ওঠে আকলিমার। সঙ্গে সঙ্গে ট্রাক দাঁড় করিয়ে তাঁকে নামিয়ে আনা হয়। নেমে পড়েন সঙ্গের মহিলারা। হাজির হয়ে যান আসে এলাকার মহিলারাও। পথের ধারে প্রসব হয় । প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে মা ও শিশুকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।